ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত নেতাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বার কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবে আলম শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কাউন্সিলের সভায় সর্বস্মতভাবে আসামিদের এ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা কারাগারে রয়েছেন।
এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ আমলেও নিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১০ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। বাকিদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে।
শনিবার সন্ধ্যায় সভা শেষে সরকারের প্রধান আইন কর্মকর্তা বলেন, "বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য কাউকে বার কাউন্সিলের সনদ দেওয়ার বিধান নেই। এছাড়া বারের পরীক্ষায় উত্তীর্ণ না হলে সনদ দেওয়ারও সুযোগ নেই।
"এক্ষেত্রে বিদেশি কোনো আইনজীবী দেশের আদালতে মামলা পরিচালনার এখতিয়ার নেই। এ সব বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সদস্য সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছেছে।"
অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে জামায়াত নেতাদের আইনজীবীরা বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর গত ১৭ জুলাই বিদেশি আইনজীবী নিয়োগে আবেদন করেন।
১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশের ৪২ নম্বর বিধান অনুযায়ী আসামিদের এ আবেদন প্রত্যাখ্যাত হয় বলে জানান মাহবুবে আলম।
শনিবারের সভায় বার কাউন্সিলের ১৫ সদস্যের ১৪ জন উপস্থিত ছিলেন।
গত ১২ জুলাই এক সংবাদ সম্মেলনে আটক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যরিস্টার আব্দুর রাজ্জাক উভয় পক্ষের জন্য বিদেশি আইনজীবী নিয়োগে অনুমতি দিতে ট্রাইব্যুনালের কাছে দাবি জানান।
পরদিন আরেক সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়টি সম্পূর্ণই বার কাউন্সিলের বিষয়। তাদের অনুমতি নিয়ে যে কেউ ট্রাইব্যুনালে আসতে পারে।
গত ১৯ জুলাই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে এক বৈঠক শেষে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বার কাউন্সিলের নিয়ম অনুযায়ী কোনো অভিযুক্ত বিদেশি আইনজীবী নিয়োগে আবেদন করতে পারে না।
তিনি বলেন, কোনো বিদেশি আইনজীবী কোনো অভিযুক্তের পক্ষে লড়তে চাইলে নিয়ম অনুযায়ী সেই আইনজীবীকে আবেদন করতে হবে। সে রকম আবেদন কেউ করলে তা বিবেচনা করবে বার কাউন্সিল।
১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারে গত বছর ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। ওইদিনই আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠনের ঘোষণা দেওয়া হয়।
তাজুল ইসলাম ১৭ জুলাই জানান, যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোভোদান মিলোসভিচের আইনজীবী স্টিভেন কিউসি, সিয়েরা লিওনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবী জন ক্যামেগ, বসনিয়া হার্জেগভিনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টবি ক্যাডম্যান জামায়াত নেতাদের পক্ষে মামলা পরিচালনায় সম্মতি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএন/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24