ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলে 'পরিবারতন্ত্রের' যুগ চলছে মন্তব্য করে এ ধারার অবসান চেয়েছেন গ্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী।
শনিবার দুপুরে পিডিবির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, দেশের প্রধান দুই রাজনৈতিক দলে কমবেশি একই ধারায় পরিবারকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা পেয়েছে। বলা যায়, বাংলাদেশে এখন পরিবারতন্ত্রের যুগ চলছে।"
"গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার আগে রাজনৈতিক দলের অভ্যন্তরে পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে।"
লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলামকে হত্যার দায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর চেয়ারম্যান আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি মওকুফ করায় সমালোচনা করেন কোরেশী।
তিনি বলেন, "সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি এটা করতেই পারেন। কিন্তু লক্ষ্মীপুরের ঘটনা একটা জঘন্য সন্ত্রাস। নিশ্চিতভাবেই দলের চাপের মুখে তাকে (রাষ্ট্রপতি) এটা করতে হয়েছে।"
সভায় উপস্থিত ছিলেন- পিডিবির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খালেকুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব এহসানুল হক সেলিম, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকউদ্দিন ভুঁইয়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাহেরা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/আরএ/১৭৪৭ ঘ.
bdnews24