২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে আন্দোলন দমবে না: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতন চালিয়ে সরকার বিএনপির চলমান আন্দোলন দমাতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্যাতন চালিয়ে সরকার বিএনপির চলমান আন্দোলন দমাতে পারবে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এক বিক্ষোভ সমাবেশে শনিবার তিনি বলেন, "সরকার আমাদের আন্দোলন দমাতে নির্যাতন চালাচ্ছে। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। গোটা দেশটাকে তারা কারাগারে পরিণত করেছে। এভাবে সরকার আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না।" পঞ্চদশ সংশোধনী বাতিল, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে পুলিশ নির্যাতনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করে বিএনপি। গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫৫টি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়। ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুটি মামলায় তারেক বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া চলতি মাসে বিএনপির ডাকা হরতালের সময় পুলিশের লাঠিপেটায় আহত হন সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল। ফখরুল বলেন, "সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ভোটের অধিকার হরণ করেছে। ফাঁসির আসামিদের রাষ্ট্রপতি মাফ করে দিচ্ছেন।" আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশের পর তাদের একটি মিছিল কাকরাইল, শান্তিনগর, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। মহানগর বিএনপিসহ ১১টি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলে নেতৃত্বে দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, গোলাম আকবর খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৭৪২ ঘ.