২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সংলাপের দরজা বন্ধ হয়নি: সিইসি

কারো জন্য আবহমানকাল বসে থাকা যায় না উল্লেখ করে সিইসি বলেছেন, বিএনপি চাইলে ৭ অগাস্টের মধ্যে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারো জন্য আবহমানকাল বসে থাকা যায় না উল্লেখ করে সিইসি বলেছেন, বিএনপি চাইলে ৭ অগাস্টের মধ্যে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতে পারে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, "ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আগামী ৭ অগাস্ট সংলাপসূচি নির্ধারণ করা হয়েছে। বিরোধী দল চাইলে আগামী ৭ অগাস্টের মধ্যে ইসির সঙ্গে সংলাপে বসতে পারে।" তবে তিন বার আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিএনপি সংলাপে না যাওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন সিইসি। বৃহস্পতিবার সকালে একটি রাজনৈতিক দলের সংলাপে বিএনপি'র উদ্দেশ্যে সিইসি বলেন, "আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা রাস্তার লোক নই। যে কোনো সভ্য দেশে, সভ্য সমাজে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলে। ওয়ার্কপ্ল্যানের শেষ পর্যায়ে রয়েছি আমরা। বিএনপি'র সঙ্গে আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে তা নয়। কিন্তু কারো জন্য তো আবহমানকাল ধরে বসে থাকা যায় না। " "দলটিকে [বিএনপি] তিনবার আমন্ত্রণ জানানো হয়; কিন্তু আসেনি। বরং ইসিকে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করা হয়।" বিএনপিকে সংলাপে আসতে ইসি তিন দফা চিঠি দেয়। সর্বশেষ বুধবার ইসির সঙ্গে ধারাবাহিক সংলাপের নির্ধারিত সূচি ছিল বিএনপি'র। ওইদিন সংলাপে অংশ না নিয়ে বর্তমান ইসির বিরুদ্ধে দলের অবস্থানের কথা তুলে ধরে চিঠি দেয় বিএনপি। বিএনপির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন উল্লেখ করে সিইসি বলেন, "তাদের চিঠির প্রতিটি অভিযোগ মিথ্যে প্রমাণের জন্য উত্তর দিতে চেয়েছিলাম। কিন্তু দুই নির্বাচন কমিশনার তা চায়নি। কারণ, এতে পাবলিক বিতর্কে জড়ানো হয়ে যাবে বলে মনে করেন আমার কলিগরা। ভবিষ্যতে এর জবাব দেওয়া যাবে।" নির্বাচন কমিশনকে অবজ্ঞা না করতে আহ্বান জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, "এখন ইসিকে বিতির্কত বলছেন, সংলাপে বসতে চান না। ইউপি নির্বাচনের কথা বললে তো কারো মুখে কথা ফুটবে না।" ইসিকে নিয়ে দলগুলোর চলতে হবে বলে মন্তব্য করেন তিনি। সাখাওয়াত বলেন, "সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবজ্ঞা করবেন না। ব্যাড অর গুড হোক- ইসির সঙ্গে চলতে হবে আপনাদের।" গত ২১ জুন বিএনপির পাঠানো তিন পৃষ্ঠার চিঠিতে বলা হয়, "বর্তমান ইসি পক্ষপাতদুষ্ট ও দুর্বল আচরণের মাধ্যমে জনগণের আস্থা হারিয়েছে, সেই কমিশনের সঙ্গে নির্বাচনী আইন প্রণয়ন নিয়ে আলোচনা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্য সাধনে ফলপ্রসূ হবে না।" গত ৭ জুন থেকে ইসির ধারাবাহিক সংলাপ শুরু হয়ে আগামী ৭ আগস্ট তা শেষ হবে। ৭ অগাস্ট ইসির সঙ্গে সংলাপে সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের ১৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে বলে বৃহস্পতিবার জানান দলটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। ইভিএম ব্যবহারের পক্ষে দু'দল বৃহস্পতিবার সকালে সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ জানায়, জাতীয় নির্বাচনের ব্যবহারের আগে স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা যেতে পারে। দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিকালে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জানায়, আধুনিক পদ্ধতির ইভিএমে পূর্ণ সমর্থন রয়েছে তাদের। এ জন্যে ব্যাপক জনসচেতনার আহ্বান জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়খ খন্দকার গোলাম মওলা নক্সবন্দীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি আলোচনায় অংশ নেন। সংলাপে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনসহ বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৪ ঘ.