২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। পেশাজীবী সমন্বয় পরিষদের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "ভবিষ্যতে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিরোধে আমরা সংবিধানে সংশোধনী এনেছি।" গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ ৫৫টি অনুচ্ছেদে সংশোধনী আনা হয়। চলতি মাসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলীয় এক কর্মসূচিতে বলেন, পরবর্তী সরকার ক্ষমতায় এলে সংশোধনী ছুঁড়ে ফেলা হবে। এরপর চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেন, সংশোধিত সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলা উচিত। শেখ হাসিনা সংগঠনটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, "দেশ গঠন কার্যক্রমে অতীতের মতো যথাযথ ভূমিকা পালন করতে আমি আপনাদের অনুরোধ জানাই।" বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির অন্যান্য নেতাদের উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, "তাদের মাথায় একটাই চিন্তা, কীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল এবং দুর্নীতির মাধ্যমে জনগণের বিপুল অর্থ আত্মসাৎ করে আয়েশি জীবনযাপন করা যায়। তারা জনগণের কল্যাণের কথা ভাবে না।" শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা তার পুত্রের বিরুদ্ধে অর্থপাচারের মামলা হওয়ায় সরকারকে দায়ী করছেন। অথচ বর্তমান সরকার এই মামলা করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থার প্রতিবেদনে এ অর্থপাচারের অপরাধের কথা প্রকাশ পাওয়ার পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিরোধীদলীয় নেতার পুত্রের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করা নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে অবাধ ও নিরপেক্ষ পরিবেশে দেশের সব নির্বাচনের আয়োজন করবে। "পৃথিবীর অন্যান্য দেশে সংসদীয় পদ্ধতিতে দেশ যেভাবে পরিচালিত হয় বাংলাদেশও সেভাবেই পরিচালিত হবে।" পেশাজীবী সমন্বয় পরিষদের আহবায়ক ইকবাল সোবহান চৌধুরী ও সদস্য সচিব কামরুল হাসান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মত বিনিময়ে অন্যদের মধ্যে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিএমএ সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. তৌফিক আহমেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আনোয়ার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৮ ঘ.