২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ ফাঁসির দণ্ড মওকুফ আইনের প্রতি অশ্রদ্ধা: মওদুদ

মওদুদ আহমেদ বলেছেন, লক্ষ্মীপুরের এক আওয়ামী লীগ নেতার ছেলের ফাঁসির দণ্ড মওকুফের ঘটনা আইনের প্রতি অশ্রদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমেদ বলেছেন, লক্ষ্মীপুরের এক আওয়ামী লীগ নেতার ছেলের ফাঁসির দণ্ড মওকুফের ঘটনা আইনের প্রতি অশ্রদ্ধা। রাজধানীতে বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, "লক্ষ্মীপুরে অ্যাডভোকেট নুরুল ইসলামের হত্যাকারীর দণ্ড মওকুফ করার ঘটনা প্রমাণ করে খুন করে ক্ষমা পাওয়া যায়। এই মওকুফ আইনের প্রতি অশ্রদ্ধা। কারণ ওই হত্যা মামলার বিচার সাধারণ আদালতে হয়েছে। কোনো ক্যাংগারু কোর্টে হয়নি।" জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে জাগ্রত জনতা ফোরামের উদ্যোগে 'পুলিশের বুটের নিচে গণতন্ত্র, শংকিত জনগণ ও আমাদের করণীয়' শিরোনামের আলোচনা সভায় এ কথা বলেন মওদুদ। লক্ষ্মীপুরের পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ রাষ্ট্রপতি মওকুফ করেছেন বলে বুধবার একটি দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। এ ব্যাপারে ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার বিচারিক আদালত বিপ্লবসহ পাঁচজন আসামীর মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয়। সাবেক আইনমন্ত্রী মওদুদ অভিযোগ করেন, সরকার রাজনৈতিক সিদ্ধান্তে সরকারি দলের ৭ হাজার মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ওই সব মামলার মধ্যে অনেক খুনি, সন্ত্রাসীর সাজাও মওকুফ করা হয়েছে। মামলা প্রত্যাহারে সরকারের দ্বৈতনীতির সমালোচনাও করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, "একদিকে নিজেদের মামলা প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে বিরোধী দলের বিরুদ্ধে নতুন করে আরও মামলা দেওয়া হচ্ছে।'' "বিরোধী দলের সমাবেশ কিংবা কোনো কর্মসূচি হলে সেখানে হাজার পুলিশ মোতায়েন করা হয়। অথচ মানুষের জান-মালের নিরাপত্তা কাজে পুলিশকে পাওয়া যায় না। আমিন বাজারে গণপিটুনিতে ৬ ছাত্র হত্যার জন্য সরকারের ব্যর্থতা রয়েছে।" রোববার গভীর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। আগামীতে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে মওদুদ বলেন, "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করায় দেশে গণতান্ত্রিক সংকট বাড়ছে। সরকারকে বলব, এখনো সময় আছে- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল করুন। নইলে সরকার চরম মাসুল গুণতে হবে।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল হলে প্রধান উপদেষ্টা কে হবেন সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে সুপ্রিম কোর্টের এক রায়ে এ ব্যবস্থা বাতিল বলা হয়। সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান আতার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা সাংসদ রাশিদা বেগম হীরা, আমান উল্লাহ কবির প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২১০ ঘ.