ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান থেকে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'- এ কথাটি বাদ দেওয়ার প্রতিবাদে বুধবার মানববন্ধন করেছে বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১১ দল।
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ ১১ দলের অন্যতম বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মো. জাফরুল্লাহ খান বলেন, "সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি উঠিয়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে প্রতিস্থাপন করার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।"
একই দাবিতে হরতাল পালনকালে সরকারের বাধার সমালোচনা করেন তিনি।
গত ১০ ও ১১ জুলাই একই দাবিতে সারাদেশে ৩০ ঘণ্টা হরতাল পালন করে এই ১১ দল।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিশ নায়েবে আমির আব্দুর রব ইফসুফী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম-মহাসচিব খলিলুর রহমান মাদানী প্রমুখ।
সমমনা ১১ দল হলো- বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি ও নেজামে ইসলাম পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২০০২ ঘ.
bdnews24