ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সদ্যসাবেক নেতাদের শেখ হাসিনা বলেছেন, জাতীয় রাজনীতি করতে হলে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ করতে হবে।
তিনি বলেন, "আমরা চাই দেশে সুস্থ রাজনৈতিক ধারা আসুক। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।"
ছাত্রলীগের সদ্যসাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন এবং সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে দুই বছর মেয়াদে এইচ এম বদিউজ্জামান সোহাগ সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৬ সালের ৪ এপ্রিল সর্বশেষ সম্মেলনে রিপন সভাপতি এবং রোটন সাধারণ সম্পাদক হন।
সাবেক ছাত্রলীগ নেতাদের রাজনীতির পাশাপাশি নিজ এলাকায় গিয়ে কাজ করারও আহবান জানান শেখ হাসিনা।
হাসিনা বলেন, "২০১৪ সালের মধ্যে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করতে হবে। সেখানেও তোমরা কাজ করতে পারো। আমরা চাই- গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হোক। অনেক দায়িত্ব আছে তোমাদের দিতে পারবো। ডিজিটাল বাংলাদেশ গড়তে অনেক কাজ আছে। কাউকে বেকার বসে থাকতে হবে না।"
সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ ও সুরঞ্জিত সেনগুপ্ত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৫৮ ঘ.
bdnews24