২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বসবেন কাদের সিদ্দিকী

দেশের বর্তমান পরিস্থিতিকে 'মস্তবড় ক্রান্তিকাল' অভিহিত করে 'সংকট উত্তরণে' খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান পরিস্থিতিকে 'মস্তবড় ক্রান্তিকাল' অভিহিত করে 'সংকট উত্তরণে' খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার বিএনপির এক প্রতিনিধি দলের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি।" ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "পঞ্চদশ সংশোধনীর পর দেশের উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা আশা করি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে।" বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাবর রোডে কাদের সিদ্দিকীর বাসায় রাত পৌনে ৯টায় বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল জানান, সরকারবিরোধী চলমান আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলকে সম্পৃক্ত করার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ ব্রিফিংয়ে কাদের সিদ্দিকী বলেন, কয়েকদিন আগে খালেদা জিয়ার একটি আমন্ত্রণ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আমার বাসায় এসেছিলেন। তখন আমি বলেছি- গোপনে কিছু করতে চাই না। দলীয় সিদ্ধান্ত জানানোর পর আজ (মঙ্গলবার) তিনি (ফখরুল) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করতে এখানে এসেছেন। "তিনি [খালেদা জিয়া] সবাইকে নিয়ে কাজ করতে চান, এটা উত্তম। এক বীরোত্তম মুক্তিযোদ্ধার স্ত্রী বিরোধীদলীয় নেতা সেই কাজটি শুরু করেছেন।" বর্তমান সংকট উত্তরণে একজন মুক্তিযোদ্ধা হিসেবে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে আন্দোলনে অংশ নেবেন কি না জানতে চাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, "আমি আমরণ মুক্তিযোদ্ধার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব।" এ পর্যায়ে জামায়াতসহ চারদলীয় শরিকদের সঙ্গে কিভাবে তা সম্ভব- আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "অপেক্ষা করুন। ভবিষ্যতে তা দেখবেন। আপনাদের খুশি করতে পারব।" জোটবদ্ধ আন্দোলন না যুগপৎ- এ বিষয়ে এখনই তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। পঞ্চদশ সংশোধনীর বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, "দেশের ৯৫ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিপক্ষে। আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দেওয়ার পর বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলামের কোনো মূল্য হয় না।" মির্জা ফখরুল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা অভিহিত করে বলেন, পঞ্চদশ সংশোধনীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ আগে রাত ৯টার দিকে মির্জা ফখরুলসহ প্রতিনিধিদল মোহাম্মদপুরের বাসায় পৌঁছালে কাদের সিদ্দিকী তাদের দলীয় প্রতীক গামছা গলা পরিয়ে স্বাগত জানান। দ্ইু দলের এই বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা ও আবদুল্লাহ আল নোমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ ও তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ অংশ নেন। গত ১২ জুলাই বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার বাসায় সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সহসভাপতি সাদেক হোসেন খোকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/পিডি/২৩২৮ ঘ.