২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের নির্বাচনে দাঁড়ানোর ইঙ্গিত

তারেক রহমান আগামীতে সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান আগামীতে সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি। সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শনিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "তারা [সরকার] তারেক রহমানকে ভয় পায়। তিনি যেন আগামীতে নির্বাচন করতে না পারেন, সেজন্য মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।" ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। ওই ঘটনায় একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলার সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকে আসামি করা হয়েছে। দুটি মামলাতেই তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তারেক বর্তমানে স্বাস্থ্য ভিসায় লন্ডনে অবস্থান করছেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে এবং দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে দলটির কোনো নেতা এই প্রথম মন্তব্য করলেন। রাজধানীতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, "২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় তারেককে জড়ানো ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বিএনপি ও দেশের জনগণ মানে না।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, "২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় তারেকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ করতে পারেনি। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ওই মামলায় জড়িয়েছে। এ জন্য তদন্ত কর্মকর্তা ১৪ বার সময় নিয়ে সম্পূরক অভিযোগপত্র আদালতে দিয়েছে।" তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে এই বিক্ষোভ করে বিএনপি। 'আবার ক্ষমতায় যেতেই সংশোধনী' দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে সরকার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছে বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, "আবার ক্ষমতায় যেতেই তারা এই সংশোধনী এনেছে। সংবিধানে এমন সব মীমাংসিত বিষয়ে সংশোধনী এনে আওয়ামী লীগ সংবিধানকে বির্তকিত ও তছনছ করে ফেলেছে।" গত ৩০ জুন সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংসদে পাস হয়। এর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে সুপ্রিম কোর্ট এক রায়ে ওই ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আগামী দুটি সংসদ নির্বাচন ওই ব্যবস্থায় হবে কি না সে বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। পঞ্চদশ সংশোধনীর ফলে আগামী জাতীয় নির্বাচন বর্তমান মহাজোট সরকারের অধীনে হওয়ার কথা। মির্জা ফখরুল বলেন, "বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তারা সরকারকে আগামী নির্বাচনে ২০০৮ সালের মতো জিতিয়ে দিতে ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থা চালু করে কারচুপির ষড়যন্ত্রে নেমেছে। দেশের মানুষ তা কখনোই মেনে নেবে না।" ২০০৮ সালে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। পরে দলটি জাতীয় পার্টির সঙ্গে জোট করে সরকার গঠন করে। পঞ্চদশ সংশোধনীর বিষয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "এই সংশোধনী দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বিএনপি একে প্রত্যাখান করেছে। "আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামীতে কখনোই কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না।" এজন্য দেশের মানুষকে সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। মহানগর বিএনপির আহ্বায়ক ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মাহবুবউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল প্র্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪০ ঘ. এ সম্পর্কিত আরো খবর বিস্ফোরক মামলায়ও তারেককে গ্রেপ্তারে পরোয়ানা