ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আগামী বুধবার বৈঠকে বসছে। সংবিধানের পঞ্চদশ সংশোধোনীর পর এটাই হবে দলটির গুরুত্বপূর্ণ এ পর্ষদের প্রথম বৈঠক।
শুক্রবার আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হবে।
গত মঙ্গলবার দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন ছয় মাসের মধ্যে অনুষ্ঠান, রোজার আগে দেশের বৃহত্তর ১৯ জেলায় জনসভা, পরবর্তীতে তৃণমূল পর্যায়ের সম্মেলন এবং রোজার ঈদের পর ওয়ার্ড পর্যায়ের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।
এ সিদ্ধান্তগুলো কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।
আওয়ামী লীগের ৮টি সহযোগী সংগঠন রয়েছে। এগুলো হলো- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যুব মহিলা লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদ।
প্রতিটি সংগঠনের তিন বছর পর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো ২০০৩ সালের ২৫ জানুয়ারি।
এছাড়া ২০০৩ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের, ২০০৩ সালের ২৯ জুলাই কৃষক লীগের, ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগ, ২০০৪ সালের ৮ অগাস্ট তাঁতী লীগের, ২০০৪ সালের ৫ সেপ্টেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের, ২০০৪ সালের ১৫ মার্চ যুব মহিলা লীগের এবং ২০০০ সালের ১১ মার্চ আওয়ামী আইনজীবী পরিষদের সর্বশেষ কাউন্সিল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/০১০৫ ঘ.
bdnews24