২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কারণে গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে: রাজ্জাক

বিএনপি সংসদে না আসায় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই বিদেশিদের কাছে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সংসদে না আসায় বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই বিদেশিদের কাছে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, বলেন, "বিএনপি-জামায়াত জোট অশুভ শক্তিকে ক্ষমতায় আনার জন্য ষড়যন্ত্র করছে। তারা সংসদীয় গণতন্ত্র ও সংবিধান উপেক্ষা করে দেশে 'মার্শাল ল গণতন্ত্র' আনতে চাচ্ছে।" "বিএনপির সংসদ বর্জন ও অকার্যকর করার চেষ্টার ফলে এ দেশে সংসদীয় গণতন্ত্র টিকবে কি না, তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে বিদেশিদের কাছে", যোগ করেন রাজ্জাক। বিরোধীদল জনগণের কোনো দাবি নিয়ে নয়, বরং তারেক ও কোকোকে বাঁচাতে হরতালসহ একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন এই সাবেক মন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে মতৈক্যে পৌঁছানোর জন্য বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, "রাস্তায় বা ঘরে বসে এর সমাধান হবে না।" বিএনপি-জামায়াত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা রাজ্জাক। আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/২১৪৮ ঘ.