২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেককে গ্রেপ্তারে পরোয়ানা উদ্দেশ্য প্রণোদিত'

তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' অভিহিতি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 08:03 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে 'রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' অভিহিতি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। নইলে অবশ্যম্ভাবী পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার জন্য হুঁশিয়ারি দিয়েছে দলটি। শুক্রবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুঁশিয়ারি দেন। তবে অবশ্যম্ভাবী পরিণতি কী, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকাল ৩টায় হবে সমাবেশ। মির্জা ফখরুল ইসলাম বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার আসল অপরাধীদের আাড়াল রাখতে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিহিংসামূলকভাবে তারেক রহমানকে জড়িয়ে প্রহসনমূলক অভিযোগপত্র দিয়েছে। এখন প্রহসনের বিচারের জন্য তারেক রহমানের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আমরা এর নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালত ২১ আগস্টের গ্রেনেড হামলায় হত্যা মামলায় তারেক রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে 'চক্রান্তমূলক' ভাবে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে। কেবল তাই নয়, এ ঘটনায় দলের নেতাসহ পুলিশের তিনজন সাবেক আইজি ও জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের জড়ানো হয়েছে। তিনি বলেন, তারেক রহমানকে ধ্বংস করে রাজনৈতিক অঙ্গন খালি করতে তাকে টার্গেট করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, পঞ্চদশ সংশোধনী বাতিলসহ চলমান আন্দোলনে দেশের মানুষ যখন সংগঠিত হচ্ছে, তখনই জনগনের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যেতে তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে। এর উদ্দেশ্যে আন্দোলন থেকে জনগনকে দূরে রাখা। সন্ত্রাসে আওয়ামী লীগ জড়িত ফখরুল বলেন, ১৯৯৯ সালে আওয়ামী লীগের শাসনামলে যশোরে উদিচীর অনুষ্ঠানে বোমা হামলা, ২০০০ সালে ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ইত্যাদি ঘটনার সঙ্গে আওয়ামী লীগই জড়িত। প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ মির্জা ফখরুল ইসলাম বলেন, বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অশালীন ও কুরুচিপূর্ণ। আমরা এ ধরণে বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলে দেয়া হবে বলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে শেখ হাসিনা তার কড়া সমালোচনা করে বলেন, বিরোধী দলীয় নেতার বক্তব্য অশালীন। সংবাদ ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুবউদ্দিন খোকন, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, বেলাল আহমেদ, রফিক শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৫০ ঘ.