ভোলা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- বিক্ষোভ মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভোলায় পুলিশের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় ১৫ কর্মী আহত হয়। আটক করা হয়েছে ১১ জনকে।
আটককৃতরা হলেন- হারুন, এসহাক, মোসলেউদ্দিন, মিজান, আব্বাস, বিল্লাল, মাঈন উদ্দিন, হাবিবুর, আবুল কাসেম, ওমর ফারুক ও কামরুল ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কালীনাথ বাজারের হাটখোলা মসজিদ এলাকা থেকে ইসলামী আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশ এতে বাধা দিলে মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে ধাওয়া দেয়। এ সময় পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্র ভঙ্গ করে দেয়।
ভোলা থানার উপ পরিদর্শক (এসআই) এনামূল হক জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইমলামীর আন্দোলনের ১১ কর্মীকে আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েত আছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩৬ ঘ.
bdnews24