শেরপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ধাওয়াধাওয়ি ও সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়।
ছাত্রদলের নতুন কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপি'র কার্যালয়ে আয়োজিত কর্মী সমাবেশে এক ঘণ্টার ব্যবধানে দু'দফায় এই সংঘর্ষ ঘটে।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার (২০) ও মুক্তা (২২) নামে ২ জনকে গ্রেপ্তার করে।
সাংবাদিকরা ছবি তুলতে গেলে সদর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্র জানায়, সভা শুরুর আগে বেলা ১২টার দিকে চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাসেলের সমর্থক একদল ছাত্রের সঙ্গে সভাপতি আবু রায়হান রূপন ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সমর্থকদের বাগবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষ বেধে যায় এবং উভয় পক্ষ একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারে। এসময় রাসেল সমর্থরা বেশকিছু চেয়ার ভাংচুর করে চলে যায়। পরে সমাবেশ শুরু হলে বেলা ১টার দিকে রাসেলের নেতৃত্বে ছাত্রদলের একদল সমর্থক সমাবেশ স্থলে ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
এ সময় রূপন-কামরুলের সমর্থকরা রাসেল সমর্থকদের ধাওয়া করে। ধাওয়াধাওয়ির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষকালে রঘুনাথ বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীরা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ছুটোছুটি শুরু করে।
এ ব্যাপরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, বহিরাগত ছাত্র ও অছাত্ররা সমাবেশে হামলা চালিয়েছে। তারা ছাত্রদলের কেউ নয়।
অপরদিকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাসেল বলেন, প্রায় নয় মাস আগে জেলা ছাত্রদলের ৯ সদস্যের একটি কমিটি হলেও আজ পর্যন্ত মটি'র কোন বর্ধিত সভা করতে পারেনি সভাপতি-সাধারণ সম্পাদক। অথচ তারা ইচ্ছেমতো পকেট কমিটি করার জন্য কলেজে সভা না ডেকে গোপনে জেলা বিএনপি কার্যালয়ে কর্মী সভা ডাকেন। কিন্ত আমাকে কোন কিছু জানানো হয়নি।
শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, ঘটনার সময় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয় ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৬ ঘ.
bdnews24