২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে থাকার ঘোষণা এলডিপির

বিএনপির গণঅনশনে সংহতি জানিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছে অলি আহমদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণঅনশনে সংহতি জানিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে থাকার ঘোষণা দিয়েছে অলি আহমদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির গণঅনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এ ঘোষণা দেন এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ। তিনি আশা প্রকাশ করেছেন, খালেদার নেতৃত্বে চলমান আন্দোলন ফলপ্রসূ হবে। ২০০৬ সালের অক্টোবরে ক্ষমতা হস্তান্তরের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদের নেতৃত্বে রেদোয়ান আহমেদ, আলমগীর কবির, জাহানারা বেগমসহ ১২ জন সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করে এলডিপি গঠন করেন। বিগত সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ছিলো এলডিপি। তবে এখন তাদের বিএনপির দিকে ভেড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। খালেদাকে উদ্দেশ করে রেদোয়ান বলেন, "আপনি আপসহীন দেশনেত্রী। আপনার নেতৃত্বে এদেশের ও গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলন ফলপ্রসূ হবেই।" "বর্তমান সরকারের অত্যাচারে দেশের মানুষ অতিষ্ঠ। এ সরকারকে প্রতিহত করতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে গণঅনশনে আমরা এই অভিপ্রায় জানাতে এসেছি যে আমরা আপনার সঙ্গে আছি", বলেন এলডিপি নেতা। তিনি জানান, দলের চেয়ারম্যান অলি আহমদ ও মহাসচিব জাহানারা বেগম অসুস্থতার কারণে গণঅনশন কর্মসূচিতে সংহতি জানাতে উপস্থিত হতে পারেননি। বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটা, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন এবং পঞ্চম সংশোধনী বাতিলের দাবিতে বুধবার আট ঘণ্টার এ কর্মসূচি পালন করছে প্রধান বিরোধী দল। কর্মসূচি চলাকালে দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়াকে ফুল দিয়ে এলডিপির একটি প্রতিনিধি দল অনশনে অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৬ ঘ.