ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দাবির প্রতি সংহতি জানিয়ে খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে গণঅনশন কর্মসূচিতে যোগ দিয়েছে অলি আহমদ নেতৃত্বাধীন এলডিপি।
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটা, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন এবং পঞ্চম সংশোধনী বাতিলের দাবিতে বুধবার আট ঘণ্টার এ কর্মসূচি পালন করছে প্রধান বিরোধী দল।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেন দুপুর ১২টায়। এর ২০ মিনিট পরই এলডিপি নেতারা অনশনস্থলে যান।
এলডিপির প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের সভাপতিমন্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ ও যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিম। খালেদার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অনশন মঞ্চে বসেছেন তারা।
একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারাও গণঅনশনে সংহতি জানাবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
সকাল ১০টা ৬ মিনিটে কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তিলওয়াত করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক। এর পর বক্তব্য রাখেন সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
খালেদা অনশনস্থলে পৌঁছালে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায় দলীয় নেতা-কর্মীরা। তিনি মঞ্চে বসার পর বেবী নাজনীন, মনির খানহ শিল্পীরা বিএনপির দলীয় সঙ্গীতসহ কয়েকটি গান গেয়ে শোনান।
অনশনে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, আসম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, মাহমুদুল হাসান, হাফিজউদ্দিন আহমেদ, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করছেন ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
মিত্র দলের নেতাদের মধ্যে অনশনে রয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, শফিকুর রহমান, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিসের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ সভাপতি জেবেল রহমান ঘানি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমান।
ফখরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ অনশনের মাধ্যমে আমরা সরকারের অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি।"
অনশনের জন্য একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চের সামনে নির্মিত প্যান্ডেলে কয়েকশ চেয়ার বসানো হয়েছে। চার পাশে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার টানানো হয়েছে।
বিএনপির কর্মসূচিস্থলসহ মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত ব্যাপক পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অনশনের কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে ব্যাপক যানজট রয়েছে।
বিএনপির এ কর্মসূচি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সরকারের বিরুদ্ধে বিরোধী দলের এটি প্রথম গণঅনশন কর্মসূচি। এর আগে ২০১০ সালের জুনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছয় ঘণ্টার গণঅবস্থান কর্মসূচি পালন করেছিলো বিএনপি। ওই কর্মসূচিতে দলের চেয়ারপারসন খালেদা অংশ নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৩৯ ঘ.
bdnews24