ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বিকল্পধারাকে বুধবারের গণঅনশন কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।
অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারাকে মঙ্গলবার রাতে এ বিষয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এলডিপি ও বিকল্পধারার শীর্ষ নেতাদের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে বিএনপির পক্ষ থেকে কথাও হয়েছে।
বিএনপির সমমনা বলে পরিচিত ১১টি দলের ৩০ ঘণ্টার হরতালে সমর্থন দেওয়ার পর নিজেদের কর্মসূচিতে অংশ নিতে এলডিপি ও বিকল্পধারাকে আমন্ত্রণ জানালো বিএনপি। এ আমন্ত্রণকে বিএনপির জোটগত শক্তি বৃদ্ধির কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সহ-সভাপতি সাদেক হোসেন খোকা মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বারিধারায় সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় গিয়ে তার কাছে আমন্ত্রণ পৌঁছে দেন।
আমন্ত্রণপত্র দিয়ে মির্জা ফখরুল ও খোকা রাতে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তারা।
এলডিপির সভাপতি অলি আমেদ বর্তমানে থাইল্যাণ্ড সফরে রয়েছেন। তবে দলটির যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মির্জা ফখরুল ও মেয়র খোকার সঙ্গে মঙ্গলবার তার কথা হয়েছে।
শাহাদৎ বলেন, "দলের সিদ্ধান্ত এবং অলি আহমেদের নির্দেশ অনুযায়ী এলডিপির একটি প্রতিনিধি দল আগামীকাল (বুধবার) বিএনপির গণঅনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করবে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের প্রেসিডিয়াম সদস্য রেদওয়ান আহমেদ।"
তিনদিন আগে অলি আহমেদের সঙ্গে মির্জা ফখরুলের টেলিফোনে কথা হয়েছে বলেও শাহাদৎ হোসেন জানান।
বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর একান্ত সচিব শাহ আলম মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মির্জা ফখরুল ও সাদেক হোসেন খোকা রাতে বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে আধ ঘণ্টা বৈঠক করেন।
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালের জুন মাসে দলের চাপে পদত্যাগে বাধ্য হন বদরুদ্দোজা চৌধুরী। ওই বছরই অগাস্টে বিকল্প ধারা গঠন করেন বিএনপির এই প্রতিষ্ঠাতা মহাসচিব।
জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দীর্ঘ মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ত্যাগ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
এরপর বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন অলি। গত নির্বচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন বিএনপির এই সাবেক মন্ত্রী।
২০০৮ সালের ডিসেম্বরে ওই নির্বাচনে এলডিপি ও বিকল্প ধারা বিএনপির বিপক্ষে অবস্থান নেয়।
তবে চারদলীয় জোটের পরিধি বাড়ানোর লক্ষ্যে বিএনপি স
bdnews24