২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দমননীতির' প্রতিবাদে গণঅনশনে বসছে বিএনপি

সরকারের 'দমননীতির' প্রতিবাদে রাজধানীতে বুধবার ৮ ঘণ্টা গণঅনশন করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'দমননীতির' প্রতিবাদে রাজধানীতে বুধবার ৮ ঘণ্টা গণঅনশন করবে প্রধান বিরোধী দল বিএনপি। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পুলিশের লাঠিপেটা, নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার-নির্যাতন ও পঞ্চম সংশোধনী বাতিলের দাবিতে এই অনশন কর্মসূচির ডাক দেয় বিএনপি। সকাল ১০টায় থেকে শুরু হয়ে অনশন চলবে সন্ধ্যা ৬ পর্যন্ত। এতে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী সমর্থকরাও অংশ নেবেন। অনশনের জন্য একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে জানিয়েছেন, তাদের সব আয়োজন সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় অনশন শুরু করবেন তারা। তিনি সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা সব রাজনৈতিক দল ও পেশাজীবীদের এই অনশনে অংশ নেওয়ার আহ্বান জানান। গণঅনশন উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতাদের একটি স্বেচ্ছাসেবক টিমও গঠন করেছে বলে জানান মহানগর সদস্য সচিব আবদুস সালাম। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের এটি প্রথম গণঅনশন কর্মসূচি। এর আগে ২০০৯ সালের জুনে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ৬ ঘণ্টার গণ-অবস্থান কর্মসূচি পালন করেছিলো বিএনপি। ওই কর্মসূচিরও নেতৃত্ব দেন খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০৫ ঘ.