২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা খারিজ

মিছিলে লাঠিপেটার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পুলিশপ্রধানের বিরুদ্ধে বিএনপি নেতা এএনএম আবেদ রাজার মামলা খারিজ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 05:23 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিলে লাঠিপেটার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পুলিশপ্রধানের বিরুদ্ধে বিএনপি নেতা এএনএম আবেদ রাজার মামলা খারিজ করেছে আদালত। মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করা হয়। হাকিম হারুণ অর রশীদের আদালতে শুনানি পর দুপুরে তা খারিজের আদেশ দেন তিনি। খারিজের পর আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা আদালতে মিছিল করেন। তাদের স্লোগান ছিলো- 'মিথ্যা মামলাকারীরা হুঁশিয়ার-সাবধান'। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা তার এজাহারে অভিযোগ করেন, গত ৪ জুলাই নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিপেটায় তিনিসহ দলের নেতা-কর্মীরা আহত হন। খারিজ হওয়া এ মামলায় মন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকার পুলিশ কমিশনার বেনজির আহমেদসহ মোট ৪০০ জনকে আসামি করেছিলেন তিনি, যার অধিকাংশই অজ্ঞাতনামা পুলিশ সদস্য। অভিযোগে আসামির তালিকায় অন্য যাদের নাম দেওয়া হয়েছিলো, তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের মতিঝিল-পল্টন-সবুজবাগ-খিলগাঁও-রামপুরা অঞ্চলের উপকমিশনার, সহকারী উপ কমিশনার, র‌্যাব কমান্ডার মেজর ইরফান, পল্টন থানার ওসি মো. সহিদুল ইসলাম, একই থানার পুলিশ পরিদর্শক মো. সিরাজ, উপপরিদর্শক মো. সারোয়ার ওরফে সরোয়ার, উপপরিদর্শক আ. রহিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪৫০ ঘ.