ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগাস্ট মাসে রাজধানীতে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করবে মহানগর বিএনপি।
সোমবার বিকালে মহানগর বিএনপির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান মহানগর সদস্য সচিব আবদুস সালাম।
মহানগরীর প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী এ কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, মহানগরের বিভিন্ন কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করার কাজও এ সময় চলবে।
নয়া পল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে এ যৌথ সভা হয়।
সালাম জানান, গত হরতালে সংসদ ভবনের সামনে দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট প্রাঙ্গণে দলের গণঅনশন কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়েছে।
ঢাকা মহানগর আহ্বায়ক ও ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক এস এ খালেক, আবু সাঈদ খান খোকন, শামসুল হুদা, আবদুল আলিম নকিসহ অঙ্গসংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24