ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেছে আদালত।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও আনোয়ারুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই দিন ঠিক করেন।
গত বুধবার হরতালের দিন সংসদ ভবনের সামনে 'ধস্তাধস্তির' পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির প্রচার সম্পাদক ফারুক। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সেদিনই শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নাজমুল করিম এই মামলা দায়ের করেন।
সোমবার সকালে ওই মামলায় ফারুকের পক্ষে জামিনের আবেদন করেন মাহবুব উদ্দিন খোকন। আদালত বিকালে জামিনের শুনানির জন্য সময় নির্ধারণ করে।
শুনানিতে বিরোধীদলীয় প্রধান হুইপের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও খন্দকার মাহবুব হোসেন অংশ নেন।
পরে মওদুদ সাংবাদিকদের বলেন, জামিন আবেদন আদালতে দেওয়ার পর আদালত ৪টায় শুনানির সময় নির্ধারণ করে। এরই মধ্যে হাসপাতালে যোগাযোগ করে ফারুককে নিয়ে আসার জন্য বলা হলেও পুলিশি বাধার কারণে তা সম্ভব হয়নি।
"এ বিষয়টি আমরা আদালতকে জানালে আদালত আগামীকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ফারুককে হাজির করার জন্য ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছে", যোগ করেন তিনি।
মওদুদ জানান, আদালত একই সঙ্গে ওই মামলার আসামি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার জামিন আবেদনের শুনানি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৬৪৬ ঘ.
bdnews24