ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা হরতালে নাটোরে পিকেটারদের আগুনে আহত মোশাররফ হোসেন (২২) শনিবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটে মারা গেছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে ৬ জুলাই নাটোরের তেবাড়িয়া হাটে আম বোঝাই একটি গাড়িতে আগুন দেয় হরতাল সর্মথকরা। এ সময় আম ব্যবসায়ী মোশাররফ দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯৫ ভাগ পুড়ে গিয়েছিলো।
দগ্ধ হওয়ার পরের দিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্নস ইউনিটে ভর্তি করা হয়। শনিবার রাত ১টায় তিনি মারা যান।
শাহবাগ থানার উপ-পরিদর্শক শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্ত করে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নাটোরে একটি মামলা হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ওই থানা পুলিশকে মৃত্যুর খবর জানানো হয়। সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।
মোশাররফের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। ঢাকার হাজারীবাগের কোম্পানিঘাটে মা-বাবার সঙ্গে থাকেন তিনি। মোশাররফের বাবা আইয়ুব আলী ফুটপাতে কলা বিক্রি করেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে মোশাররফ দ্বিতীয়।
নাটোরে ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় কানসাটের আম ব্যবসায়ী রফিকুল ইসলাম নাটোর থানায় একটি মামলা করেন। পুলিশ এ ঘটনয় চারজনকে আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯৪৬ ঘ.
bdnews24