ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যবর্তী নির্বাচনের আন্দোলন বাদ দিয়ে খালেদা জিয়াকে 'মাথা ঠাণ্ডা' রেখে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, "দয়া করে পাঁচটা বছর অপেক্ষা করেন। আমরা উন্নয়ন দিয়ে জনগণের হৃদয়ে যে অবস্থান করে নিয়েছি, চক্রান্ত করে তা আটকাতে পারবেন না আপনি বেগম সাহেব।"
বিরোধী দলের হরতাল প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নানক বলেন, "আপনারা আতঙ্কিত হবেন না, কোনো আতঙ্কের কারণ নেই। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন সাধিত হবেই।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহজোট সরকারের আড়াই বছর পার হতেই সরকার পতনের আন্দোলন শুরু করেছে বিএনপিসহ বিরোধী দল। মধ্যবর্তী নির্বাচনের দাবিও তুলেছে তারা। বর্তমান নির্বাচন কমিশন নিয়েও আপত্তি রয়েছে তাদের।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নানক বলেন, "যদি নির্বাচন কমিশন না মানেন, তা হলে ইউনিয়ন পরিষদে যারা জিতেছেন, তারা কি পদত্যাগ করবেন?"
হরতালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তাদের সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ওপর নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেন নানক।
তিনি বলেন, "আমাদের পুলিশ দিয়ে শেয়াল-কুকুরের মতো পিঠিয়েছিলেন। এর কী জবাব দেবেন? দৌড় দেন কেন এমপি সাহেব? আমরা তো দৌড় দিইনি। আমরা তো দাঁড়িয়ে থেকেছি। দেখেছি, কত মারতে পারে।"
"শাহ এএমএস কিবরিয়া আর আহসান উল্লাহ মাস্টারের হত্যার কী জবাব দেবেন? ২১ অগাস্ট গ্রেনেড হামলার কী জবাব দেবেন", বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন নানক।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) যুগপূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমকালীন রাজনৈতিক এ সব বিষয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে তিনি জানান, পিডিবিএফের ৪৮৯জন দলনেতা সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রহমত আলী বলেন, "ম্যাডাম খালেদা জিয়া, আমি আপনার নির্যাতনের শিকার। গাজীপুরের মাস্টার বাড়ি থেকে মাওলা বাড়ি পর্যন্ত আপনার যে জায়গা, তা জনগণকে দিয়ে দিন।"
বিএনপি জনকল্যাণে রাজনীতি করে না দাবি করে আওয়ামী লীগের এ নেতা বলেন, "এদের নিয়ে জনগণের উন্নয়ন হতে পারে না। বাংলাদেশের টাকা আমেরিকায় ব্যাংকে পড়ে আছে। এটা জনগণের টাকা। এর জবাবে খালেদা জিয়া কী দেবেন?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১৫ ঘ.
bdnews24