২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ 'প্রাথমিক সদস্যপদই তাদের নেই'

ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদের ফরম শেষবার বিতরণ করা হয়েছিল ১১ বছর আগে। ফলে প্রাথমিক সদস্যপদ নেই- এমন প্রার্থীদের নিয়েই আগামী রবি ও সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 07:44 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

শফিকুল ইসলাম মিলটন ও মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদের ফরম শেষবার বিতরণ করা হয়েছিল ১১ বছর আগে। শপথপত্রে সই করে সদস্য হওয়ার বিধান গঠনতন্ত্রে লেখা থাকলেও দেশের সবচেয়ে পুরনো এই ছাত্র সংঠনে গুরুত্ব পায় না সেই নিয়ম। ফলে প্রাথমিক সদস্য নন- এমন প্রার্থীদের নিয়েই আগামী রবি ও সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের সম্মেলন। দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ডাকা এই কাউন্সিলের নির্বাচন কমিশনার মিজানুর রহমান শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার সভাপতি পদে ৬৪ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ১৬৩ জন মনোয়নপত্র জমা দিয়েছেন। "সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই প্রার্থীদের অধিকাংশেরই প্রাথমিক সদস্য পদ নেই," যোগ করেন আরেক নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ। তিনিই জানান, সর্বশেষ ১৯৯৯-২০০০ সেশনে শেষবার ছাত্রলীগের প্রাথমিক সদস্য পদের ফরম বিতরণ করা হয়। এরপর আর কখনো সদস্য ফরম ছাপাও হয়নি, বিতরণও হয়নি। ফলে নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে সদস্য হওয়ার সুযোগ হয়নি সংগঠনের বর্তমান নেতাদের অনেকেরই। ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ (খ) ধারায় বলা আছে, "সদস্যপদ লাভের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক স্ব-স্ব জেলা শাখার মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্ধারিত সদস্যভুক্তির নিয়ম অনুযায়ী শপথপত্রে স্বাক্ষর করে সদস্যপদ গ্রহণ করতে হবে।" তবে এ নিয়ম যে অনুসরণ করা হয় না, তা স্বীকার করলেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা টিপু। "যারা সংগঠনের বিভিন্ন পদে থাকে, তারাই পরবর্তীতে পদোন্নতি পেয়ে থাকে। এতে সদস্যপদ দেওয়ার প্রয়োজন পড়ে না," বলেন তিনি। ১৯৯৮-২০০২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনকারী বাহাদুর ব্যাপারী মনে করেন, নিয়ম না মানায় ক্ষতিটা সংগঠনেরই হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দুই চারদিন নেতাদের পেছনে ঘুরে আর পদসেবা করে অনেকে নেতৃত্বে চলে আসছে। আর ত্যাগী ও একনিষ্ঠরা বঞ্চিত হচ্ছে। এতে সংগঠনের ভেতরে গ্র"পের সংখ্যাও বাড়ছে।" ১৯৪৮ সালের ৪ জানুয়ারি 'শিক্ষা-শান্তি-প্রগতি'- এই মূলমন্ত্র নিয়ে পথচলা শুরুর পর বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রলীগ গৌরবময় ভূমিকা রাখলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংগঠনটির নেতাকর্মীদের সন্ত্রাসী ও টেন্ডারবাজির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। এ বিষয়ে বাহাদুর ব্যাপারী বলেন, "প্রাথমিক সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত না থাকায় বিভিন্ন সংগঠনের কর্মীরা ছাত্রলীগে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে। পরে তারা ছাত্রলীগের নামেই নানা অপকর্ম করে বেড়াচ্ছে।" অবশ্য পদে থাকা অনেকেই প্রাথমিক সদস্য পদের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন না। ছাত্রলীগ ঢাবি শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গঠনতন্ত্রে তো অনেক কিছুই থাকে। আমরা দীর্ঘদিন সংগঠনের সাথে আছি, প্রাথমিক সদস্যপদ নেওয়ার কি আছে?" এবারের কাউন্সিলের প্রার্থীদের প্রাথমিক সদস্য পদ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বলেন, "ছাত্রলীগ দীর্ঘদিনের ইতিহাস-ঐতিহ্যের সংগঠন, অনেক বড় সংগঠন। এখানে পার্টির ও নেত্রীর সিদ্ধান্তই আইন। গঠনতন্ত্র সেভাবে অনুসরণ করা সম্ভব হয় না।" তবে নতুন কমিটি দায়িত্ব নিয়ে প্রথমিক সদস্য পদ নবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই ছাত্র সংগঠনের সর্বশেষ সম্মেলন হয় ২০০৬ সালের ৪ এপ্রিল। ওই বছরই প্রথমবারের মতো প্রার্থী হওয়ার ক্ষেত্রে ২৯ বছরের বয়সসীমা বেঁধে দেয় ছাত্রলীগ। আগে থেকে আলোচনায় না থেকেও ওই সম্মেলনে মাহমুদ হাসান রিপন সভাপতি এবং মাহফুজুল হায়দার চৌধুরী রোটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রতি দুই বছর পর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত পাঁচ বছরে তা হয়নি। এবারের সম্মেলন তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের আশা করছেন, এই কাউন্সিল হবে স্বচ্ছ। ছাত্রলীগে এখন আর আদুভাইদের স্থান হবে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, "এটি একটি জাতীয় সংকট, গণতন্ত্রের সংকট। সংগঠনগুলোতে নিয়মিত সম্মেলন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন করে ছাত্র রাজনীতির এই সংকট কাটাতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এনআইএইচ/এএইচ/জেকে/০১৩৮ ঘ.