চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে চট্টগ্রামে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে পুলিশি বাধার মুখে মিছিল করেনি তারা।
হরতালের সমর্থনে শুক্রবার জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনের সড়কে সমাবেশ করে ইসলামী আন্দোলন। সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তখন সমাবেশ শেষ করেই সেখান থেকে চলে যায় তারা।
এদিকে সমাবেশের সময় ওই মসজিদের নিকটবর্তী সিরাজদ্দৌল্লা সড়কে কয়েক যুবক হরতালের সমর্থনে শ্লোগান দিতে দিতে একটি যাত্রীবাহী বাস ভাংচুর করে। সে সময় পুলিশকে লক্ষ্য করেও ইট-পাটকেল ছোড়ে তারা।
ইটের আঘাতে বেশ কয়েকজন পথচারী সামান্য আহত হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেছেন, ভাংচুরকারীরা তাদের দলের সদস্য নয়।
কোতোয়ালী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা হরতালের সমর্থনে সমাবেশ করলেও তাদের মিছিল করতে দেওয়া হয়নি।
সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, বর্তমান সরকারের কাছে ইসলাম ও দেশ নিরাপদ নয়। তারা কোরআান ও সুন্নাহবিরোধী নারী নীতি প্রণয়ন করেছে। সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস- কথাটি তুলে দিয়েছে।
ইসলামী আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম, জয়নাল আবেদিন ফয়েজী সমাবেশে বক্তব্য রাখেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিলেও একই দাবিতে রোববার থেকে টানা ৩০ ঘণ্টার হরতাল ডেকেছে অন্য ১১টি সংগঠন। শুক্রবার বিএনপি ও জামায়াতে ইসলামীও এ হরতালে সমর্থন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/জেকে/২২২৯ ঘ.
bdnews24