ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুর্নবহালসহ বিভিন্ন দাবিতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে- শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং আগামী ১৩ জুলাই (বুধবার) 'সরকারের জুলুম-নির্যাতন ও দুঃশাসন থেকে' মুক্তির জন্য নফল রোজা রাখা।
বুধ-বৃহস্পতি টানা ৪৮ ঘণ্টা হরতাল শেষে শুক্রবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার এই হরতাল কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা চারদল।
সংবাদ সম্মেলনে আজহারুল বলেন, "দেশ, জাতি, ইসলাম ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এ সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত আন্দোলন গড়ে তুলতে হবে। এ সরকারের পতন না হলে জুলুম-নির্যাতন বন্ধ হবে না।"
শন্তিপূর্ণ হরতালে 'পুলিশি নির্যাতন ও গ্রেপ্তারের' নিন্দা জানিয়ে তিনি বলেন, "সরকার রাজনৈতিক দমন-পীড়নের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত চালু করেছিলো। কোনো গণতান্ত্রিক সরকার এ ধরনের ঘৃণ্য পদক্ষেপ নিতে পারে না।"
আজহার অভিযোগ করেন করেন, হরতালের সময় ভ্রাম্যমাণ আদালত ঢাকা মহানগরীতে জামায়াতের ২৫ কর্মীকে ৭দিন থেকে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড দিয়েছে এবং সারাদেশে দুই শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এসব নেতাকর্মীর মুিক্তর দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে দুই দিনের নতুন কর্মসূচির ঘোষণা করেন তিনি।
বিএনপি-জামায়াতের রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১২ দলের ডাকে রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৩০ ঘণ্টার হরতালে জামায়াতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান আজহার।
হরতালে নেতাকর্মীদের 'গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের' প্রতিবাদে বিএনপিও দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে।
শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং বুধবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচি পালন করবে তার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯২১ ঘ.
bdnews24