ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি না রাখার প্রতিবাদে রোববার থেকে ১২ দলের ডাকা দেশব্যাপী ৩০ ঘণ্টার হরতালে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই সমর্থনের কথা ঘোষণা করেন।
এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বুধ-বৃহস্পতি টানা ৪৮ ঘণ্টার হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন চার দল।
গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হওয়ার পরপরই বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১২টি দলের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে হরতালের ঘোষণা দেওয়া হয়। রোববার (১০ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে ৩০ ঘণ্টার এই হরতাল কর্মসূচি পালন করবে তারা।
১২ দলের এই কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেন, "'আল্লাহর নাম তুলে নেওয়া হয়েছে' জিকির তুলে হরতাল ডেকেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিমের মাঝে আল্লাহকে খুঁজে না পেলে হরতালের মাঝে কী তাকে খুঁজে পাবেন? আল্লাহ থাকেন থাকে হৃদয়ে। উনারা উনাদের হৃদয়ে আল্লাহকে খুঁজে না পেলে হরতাল দিয়ে কী হবে?
শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই হরতাল কর্মসূচিতে সমর্থনের কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেন, "সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা তুলে দেওয়ার প্রতিবাদে ইসলামী দলগুলো হরতাল ডেকেছে। আমরা ওই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল করেছি। তাই তাদের হরতালে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।"
একইসঙ্গে পুলিশি হামলা এবং হরতালে গ্রেপ্তার-মামলা-নির্যাতনের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে শনিবার বিক্ষোভ মিছিল ও বুধবার গণঅনশনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এটিএম আজহারুল ইসলামও ১২ দলের হরতালে সমর্থন দেন এবং জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন।
৩০ ঘণ্টা হরতাল আহ্বানকারী দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি ও নেজামে ইসলাম পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এআরআর/জেকে/১৭০০ ঘ.
bdnews24