২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দলের হরতালে বিএনপির সমর্থন

সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে রোববার থেকে ১২ দলের ডাকা দেশব্যাপী ৩০ ঘণ্টার হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' কথাটি অবিকৃতভাবে না রাখার প্রতিবাদে রোববার থেকে ১২ দলের ডাকা দেশব্যাপী ৩০ ঘণ্টার হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই সমর্থনের কথা ঘোষণা করেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বুধ-বৃহস্পতি টানা ৪৮ ঘণ্টার হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন চার দল। গত ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হওয়ার পরপরই বিএনপির রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত ১২টি দলের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে হরতালের ঘোষণা দেওয়া হয়। রবিবার (১০ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে ৩০ ঘণ্টার এই হরতাল কর্মসূচি পালন করবে তারা। এই কর্মসূচিতে সমর্থন দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা তুলে দেওয়ার প্রতিবাদে ইসলামী দলগুলো হরতাল ডেকেছে। আমরা ওই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল করেছি। তাই তাদের হরতালে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।" হরতাল আহ্বানকারী দলগুলো হলো- বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ- ভাসানী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ইসলামিক পার্টি ও নেজামে ইসলাম পার্টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭০০ ঘ.