২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের মামলা না নেওয়ায় সরকার জড়িত: ফখরুল

বিরোধীদলীয় প্রধান হুইপের ওপর হামলার অভিযোগ থানা গ্রহণ না করায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপের ওপর হামলার অভিযোগ থানা গ্রহণ না করায় সরকারের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বুধবারের পুলিশি হামলা ঘটনার অভিযোগ শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক গ্র্রহণ করেননি। আমাদের বিএনপি দলীয় সাংসদরা এই অভিযোগপত্র নিয়ে থানায় গিয়েছিলেন। "তখন থানার কর্মকর্তা বলেছেন, উপরের নির্দেশ ছাড়া অভিযোগ গ্রহণ করা যাবে না। এ থেকে প্রমাণ হয়- সরকার এই হামলার ঘটনার সঙ্গে জড়িত।" ফারুকের ওপর হামলার অভিযোগপত্র না নেওয়াসহ সরকারের আচরণ অসাংবিধানিক ও বেআইনি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতালের সর্বশেষ অবস্থা জানাতে এই সংবাদ ব্রিফিং হয়। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। বুধবার দুপুরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মির্জা ফখরুল অভিযোগ করেন, "ক্ষমতাসীনদের বাছাই করা সরকারি কর্মকর্তা যারা অতীতে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত তাদের দিয়েই হত্যার উদ্দেশ্যে ফারুকের ওপর এই ববর্রোচিত হামলা চালানো হয়েছে।'' বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও বুধবার এক বিবৃতিতে অভিযোগ করেন, ফারুককে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। 'ফারুকের হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে' বৃহস্পতিবার বিকালে ফারুকের সিটি স্ক্যান-এমআরআই পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে বলে জানান বিএনিপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, "এতে বলা হয়েছে, তার বাম হাঁটুর সংযোগস্থলের লিগামেন্ট ছিঁড়ে গেছে। হাটুর হাঁড় ভেঙেছে।" "চিকিৎসকরা জানিয়েছেন, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার চিকিৎসা বাংলাদেশে নেই। তাকে বাইরে নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই।" জয়নুল আবদিনের বর্তমান অবস্থা সম্পর্কে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "তার মাথা ও শরীরে মোট ১৮টি সেলাই দেওয়া হয়েছে। শক্তিশালী বেদনানাশক ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।" বুধবারের ঘটনায় পুলিশ জয়নুলের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হাসপাতালে পুলিশ ঘিরে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "ওই মামলাটি হওয়ার পর পুলিশ হাপাতালে ফারুকের আত্বীয়-স্বজনকে দেখা করতে দিচ্ছে না।" সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে একটি মামাল করেছে পুলিশ। 'প্রথম আলোর আলোকচিত্রে বিভ্রান্তি' বুধবারের ঘটনার ধারণকৃত ভিডিও চিত্র সংবাদ ব্রিফিংয়ে উপস্থাপন করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "প্রথম আলো তার বৃহস্পতিবারের সংখ্যায় বিরোধীদলীয় প্রধান হুইপের কয়েকটি আলোকচিত্র প্রকাশ করা হয়েছে। তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। প্রথম আলোকচিত্রের ক্যাপশনে বলা হয়েছে, ঢিল মারার ভঙ্গিতে ফারুক।" "তার ডান হাত ব্যথা থাকায় তাতে ব্যান্ডেজ লাগানো ছিলো। ওই হাতে তার একটি মোবাইল ধরা ছিলো। যা ভিডিও চিত্রে স্পষ্ট হয়েছে। কিন্তু প্রথম আলোর আলোকচিত্রের ক্যাপশনে ইঙ্গিত করা হয়েছে, তিনি ওই হাত দিয়ে ঢিল ছুঁড়ছিলেন। এই তথ্য তারা (পত্রিকা))কোথায় পেলেন। ভিডিও ফুটেজে এরকম তথ্য নেই।" মন্ত্রীদের বক্তব্যে ক্ষোভ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ নেতাদের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, "হানিফ সাহেব বলেছেন, বিরোধীদলীয় প্রধান হুইপ মৃদু আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি (ফারুক) অতীতেও নাটক করেছেন, এখনো করছেন। আমরা ধিক্কার জানাই এসব বক্তব্যের।" সরকারি দলের যেসব সাংসদ বিরোধীদলীয় প্রধান হুইপের ওপর পুলিশি হামলায় দুঃখ প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১০ ঘ.