নড়াইল, জুলাই ৭, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় ধার্য তারিখে হাজিরা দিলে জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো হয় নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেনসহ ১৮ আসামিকে।
নড়াইলের মুখ্য বিচার বিভাগীয় হাকিম অমূল্য কুমার সরকার বৃহস্পতিবার এ আদেশ দেন।
নড়াইল সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম অপুকে এ বছরের ২০ মার্চ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খানম কুমি ১৮ জনকে আসামি করে ২১ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্য আসামিরা হলেন সালাউদ্দিন নান্না, বিশ্বনাথ কুন্ডু, পৌর ছাত্রলীগ সভাপতি ওয়ালিদ খান, পলাশ মিনা, তুষার, মিথুন, আজিম, মুকুল, সজিব, সবুজ, রিন্টু, শরিফুল, রয়েল, বাপ্পী, তুহিন, সাদিয়ার ও মশিয়ার।
মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আসামিরা এ বছরের ২০ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে শহরের রূপগঞ্জ মুচিপোল এলাকায় আমিরুল ইসলাম অপুকে কুপিয়ে হত্যা করে।
আলমগীরের আইনজীবী উত্তম কুমার ঘোষ জানান, গত ১০ এপ্রিল তারা মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে জামিন নেন।
এরপর ২৬ মে ধার্য তারিখে তারা আদালতে হাজিরাও দেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) ধার্য তারিখে আদালতে হাজির হলে জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৬ ঘ.
bdnews24