ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- সন্ত্রাসী-জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি যুগপৎ আন্দোলনের কর্মসূচি দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বৃহস্পতিবার বলেছেন, "সংবিধান সংশোধন মূল বিষয় নয়। দুই দুর্নীতিপরায়ণ পুত্র ও যুদ্ধাপরাধীদের রক্ষা- এ দু'টিই তাদের মূল উদ্দেশ্য। যুদ্ধাপরাধীদের আরেকটা অংশই হরতাল দিয়েছে। এতেই প্রমাণিত হয়- কী ভাবে তারা যুগপৎভাবে কর্মসূচি দিচ্ছে।"
"বাংলাদেশকে পাকিস্তানের দ্বিতীয় সংস্করণ করাই বিরোধী দলের মূল লক্ষ্য" দাবি করে আশরাফ বলেন, "বিএনপি স্বাধীনতার সপক্ষের দল নয়। তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এখনো বিশ্বাস করে মুক্তিযুদ্ধ ছিলো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পাপ।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এ সব কথা বলেন।
আগামী রবি ও সোমবার ১২ ইসলামী দলের হরতাল কর্মসূচির সমালোচনা করে আশরাফ বলেন, "বিএনপির পর তারা হরতাল ডেকেছে। তারা সংবিধান পড়েও দেখেনি। এই সাম্প্রদায়িক গোষ্ঠি, জঙ্গিবাদী ও আন্তর্জাতিক সন্ত্রাসীরা খালেদা জিয়ার সভাপতিত্বে তার অফিসে বৈঠক করে এই হরতালের পরিকল্পনা করেছে।"
আশরাফ বলেন, দুর্নীতির ও যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলাদেশেই হবে। এই সরকারের সময়েই হবে।
তিনি যে সাম্প্রদায়িক গোষ্ঠি, জঙ্গিবাদী ও আন্তর্জাতিক সন্ত্রাসীদের কথা বলেছেন- তাদের চিহ্নিত করা হয়েছে কি না জানতে চাইলে আশরাফ বলেন, "হারকাতুল জিহাদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিযবুত তাহরীর- তারা সবাই ছিলো।"
'আইন ভাঙলে প্রায়শ্চিত্ত'
হরতালের সময় বিরোধীদলীয় প্রধান হুইপের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদসদ্যের অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়টি উল্লেখ করে আশরাফ বলেন, "আমরা কাউকে ডিফেন্ড করছি না। সবাইকে প্রচলিত আইন মানতে হবে। আইন ভাঙলে তার প্রায়শ্চিত্ত করতে হবে।"
আশরাফ আরো বলেন, "পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধ করলে আদালতে দাড়াতে হবে।"
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
চারদলীয় জোট সরকারের সময়ে মোহাম্মদ নাসিম, আসাদুজ্জামান নূর, তানজিম আহমেদ সোহেল, তোফায়েল আহমদ, অসীম কুমার উকিলের ওপর হামলা এবং শাহ এ এম এস কিবরিয়া ও আহসান উল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে আশরাফ বলেন, "আমরা এগুলো ভুলে যাইনি। আমাদের স্মৃতি কম হতে পারে। কিন্তু, জাতির স্মৃতি অনেক লম্বা। জাতি যুদ্ধাপরাধীদের ভোলেনি।"
'আলোচনা করতেই হবে'
দেশ ও জনগণকে রক্ষায় হরতালের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দেন সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, "যিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, বাংলাদেশকে পাকিস্তান বানানোই যার মূল উদ্দেশ্যে তার মুখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানায় না।"
সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, "দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন। আলোচনার পথ খোলা। আলোচনায় আসুন। আলোচনার বিকল্প নেই। আলোচনা করতেই হবে।"
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বিরোধীদলকে আবারো সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "আর হরতাল না ডেকে সংসদে আসুন। জনগণের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সংসদই আলোচনার স্থান।"
'দিন বদলের অঙ্গীকার' দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু, আওয়ামী লীগ কতটুকু দিন বদলাতে পেরেছে- এরকম এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "আমাদের একজন সাংসদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চার্জশিট দিয়েছে। এটাই তো দিন বদল।"
বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূর্ত আয়ের অভিযোগে গত ৪ জুলাই মামলা করে দুর্নীতি দমন কমিশন।
আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "শুধু বিরোধীদলীয় প্রধান হুইপেরই নয়, তাদের সবার ব্যবসা প্রতিষ্ঠানই হরতালের সময় খোলা ছিলো। যুবদল ও ছাত্রদল তা পাহাড়া দিয়েছে যেন হরতালকারীরা হামলা না চালায়।"
হরতাল চলাকালে কিশোরগঞ্জের হোসেনপুরে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের ভাংচুরের ঘটনায় নিন্দা জানান আশরাফ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, তারা অল্প কিছুদিনের মধ্যেই গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন। তারা তাদের বক্তব্য তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আহম্মদ হোসেন, প্রচার সম্পাদক নুহ-উল আলম লেনিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৭৫৫ ঘ.
bdnews24