নীলফামারী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ব্যয়ের হিসাব বিবরণী যথাসময়ে জমা না দেওয়ায় নীলফামারীতে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।
পরোয়ানা জারি করা হয়েছে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান বাবু, নুরুল আমিন সরকার এবং কিশোরগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাহানা বেগম।
২০০৯ সালের ২২ জানুয়ারি সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনী ব্যয়ের হিসাব যথাসময়ে জমা না দেওয়ায় নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এ টি এম সিদ্দিকুর রহমান ২০০৯ সালে ৫৪ জনের বিরুদ্ধে নীলফামারী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
নীলফামারী সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন সরকার বলেছেন, ব্যয়ের হিসাব বিবরণী দেরিতে দেওয়ায় রিটার্নিং অফিসার মামলা করেছেন। আদালতে হাজির না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি আসাদুজ্জামান ও কিশোরগঞ্জ থানার ওসি আফজালুল হক জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এখনো থানায় এসে পৌঁছায়নি।
আসামিরা এখন পালিযে রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24