ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না করা হলে লাগাতার হরতাল দিয়ে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে বলে হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সারাদেশে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা চারদল।
তিনি বলেন, "সরকারের বাধা ও পুলিশী নির্যাতনের মধ্যেও হরতাল কর্মসূচি পালন হচ্ছে। এতেই প্রমাণ হয় এই সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে।"
বিরোধী দলকে সড়ক আটকে মিছিল করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, "একটি গণতান্ত্রিক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের ঘোষণা দিতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর থেকে পুলিশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের উপর ঝাঁপিয়ে পড়ে।"
বিরোধী দলের প্রধান হুইপের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী বলে অভিযোগ করেন তিনি।
৪৮ ঘণ্টার হরতালের প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
আজহারুল বলেন, সরকার রাজনৈতিক দমন-পীড়নের উদ্দেশ্যে ভ্রাম্যমাণ আদালত চালু করেছে।
হরতালকে কেন্দ্র করে গত তিন দিনে সারা দেশ থেকে জামায়াত-শিবিরের প্রায় দুইশত নেতাকর্মীকে প্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
হরতালের আগের দিন মঙ্গলবার থেকে রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত কার্যকর রয়েছে। ওইদিন রাজধানীর বিভিন্ন স্থানে আটজনকে এক মাস থেকে এক বছর সাজা দেওয়া হয়। আর হরতালে প্রথম দিনে সাজা দেওয়া হয় একুশজনকে।
গত ১২ ও ১৩ জুন ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি। ওই হরতালকে ঘিরে সারা দেশে শতাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। হরতালের আগে বা হরতালের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা সেটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৭৪২ ঘ.
bdnews24