মাদারীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছে। এসময় বেশকিছু বাড়িঘর দোকানপাটে ভাংচুর ও লুটপাট করা হয়।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের মালেরহাট এলাকায় পরাজিত ও বিজয়ী দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন রাজ্জাক মাল, সামাদ মাল, হাসুু ফকির, মজিদ মাল, মজিবর মাল, শাবনূর বেগম, জুলহাস বেপারী, রফিক বেপারী, রহমান মাল, খালেক মাতববর, রাজ্জাক ফকির, সিরাজুল ইসলাম, সিরাজ মাল, চুন্নু মাল। বাকিদের নাম জানা যায়নি।
তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্নাসীর চর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক নম্বর ওয়ার্ডে রাজ্জাক মালকে হারিয়ে সদস্য পদে বিজয়ী হন মতি মাল।
শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী জানান, নির্বাচনে জয় পরাজয় নিয়ে বুধবার রাতে মালেরহাট এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংর্ঘষ বাধে।
উভয়পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষ অন্তত আটটি দোকান ঘর ও তিনটি বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসআই আরো জানান, ঘটনাস্থলে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি ও এক পুলিশ কনস্টেবল আহত হন।
শিবচর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.
bdnews24