ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়নুল আবদিন ফারুককে লাঠিপেটার মাধ্যমে সংসদকে পদানত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপি ও তার রাজনৈতিক মিত্রদের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে বিরোধী দল সমর্থক আইনজীবীরা মিছিল সমাবেশ করার পর ব্রিফিং করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব।
তিনি বলেন, "বিরোধীদলীয় চিফ হুইপকে কিছু পুলিশ কর্মকর্তা লাঠিপেটা করেছে। এটা শুধু একজন সংসদ সদস্যকেই লাঠিপেটা করা নয়, এটা সার্বভৌম সংসদের সব সদস্যকে লাঠিপেটা করার সমতুল্য।"
সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল।
এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন।
স্পিকার সংসদের ভাবমূর্তি রক্ষায় সংসদীয় গণতন্ত্রের বিধি অনুযায়ী দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করবেন আশা প্রকাশ করে বার সভাপতি খন্দকার মাহবুব বলেন, নয়তো সংসদ সদস্যদের ভাব মর্যাদা ধুলিস্যাৎ হয়ে যাবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি মিমাংসিত ইস্যু ছিল উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, পরবর্তী দুটি নির্বাচন এই ব্যবস্থার অধীনে হতে পারে। দেশের বিরাজমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করেই এই রায় দেওয়া হয়েছে।
হরতালের সমর্থনে সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিমে কোর্টের দক্ষিণ হলে সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
বৃষ্টির মাঝেই মিছিলটি সুপ্রিম কোর্টের মূল ফটক দিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা মিছিল নিয়ে বার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।
হরতালে অবকাশকালীন কোনো বেঞ্চ বসেনি।
সর্বোচ্চ আদালতে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। গত ২৪ জুন শুরু হওয়া এই অবকাশ চলবে ৯ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৩১ ঘ.
bdnews24