২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির মামলা নেয়নি পুলিশ

জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুলিশের একটি মামলা রয়েছে জানিয়ে বিএনপির এজাহারটি নেয়নি থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুলিশের একটি মামলা রয়েছে জানিয়ে বিএনপির এজাহারটি নেয়নি থানা। বিএনপির সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন নিজান বৃহস্পতিবার মামলার এজাহার নিয়ে শেরেবাংলা নগর থানায় যান। তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকনসহ কয়েকজন সংসদ সদস্য ও বিএনপির নেতা-কর্মী। এজাহারে আসামির তালিকায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব সরকারের নাম দেখা যায়। পুলিশ এ এজাহারটি মামলা হিসেবে না নিয়ে বিএনপি নেতাদের ফিরিয়ে দেন। তবে এজাহারের একটি অনুলিপি রেখেছে তারা। থানার উপপরিদর্শক তানভীর হাসান অনুলিপিটি গ্রহণ করে বিএনপি নেতাদের বলেন, "এ ঘটনায় একটি মামলা রয়েছে। তাছাড়া তদন্তও চলছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নতুন আরেকটি মামলা নেওয়া যাচ্ছে না।" এ ঘটনায় অন্য মামলাটি করেছেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নাজমুল করিম। ওই মামলায় ফারুকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ফারুকের আহত হওয়ার বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ। নিজানের করা এক পৃষ্ঠার এজাহারে বলা হয়েছে, ফারুকের নেতৃত্বে শান্তিপূর্ণ পদযাত্রার সময় পুলিশ কর্মকর্তা হারুণ এবং বিপ্লবসহ ২৫-৩০ জন পুলিশ সদস্য তাদের ঘেরাও করে অকথ্য ভাষায় গালাগালি করে। "ফারুককে উদ্দেশ করে 'শালা তোকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিবো" বললে প্রতিবাদ করা হয়। ওই সময় ওই দুই পুলিশ কর্মকর্তা লাঠি ও রাইফেল দিয়ে চিফ হুইপকে মারধর করে।" এজাহারে আরো বলা হয়, ফারুককে হত্যার উদ্দেশ্যে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। এর আগে পুলিশ সদস্যরা তাকে বুট দিয়ে বুকে ও দুই পায়ে আঘাত করে এবং লাঠি দিয়ে পেটায়। থানা মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্যরা। মাহবুবউদ্দিন সাংবাদিকদের বলেন, তারা (পুলিশ) বেআইনিভাবে মামলা নেয়নি। "যে কোনো নাগরিকের অভিযোগ থাকলে তার মামলা করার অধিকার রয়েছে। পুলিশ যে মামলার কথা বলছে, সেখানে জয়নাল আবদিন ফারুককে মারধরের কোনো অভিযোগ নেই। অথচ আমরা সেই অভিযোগ নিয়ে এসেছিলাম", বলেন তিনি। এরপর আদালতে মামলা করা হবে কি না, তা স্পষ্ট না করে মাহবুব বলেন, "আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।" ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালীন সংসদ ভবন এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। বর্তমানে নবম সংসদের নবম অধিবেশন চলাকালেই বিরোধী সংসদ সদস্যরা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮১৫ ঘ.