ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদরের সল্প নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী মো. জামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১১ জুন সরাইল সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সল্প নোয়াগাঁও গ্রাম থেকে আব্দুর রহমান এবং শের আলম দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
নির্বাচনের পর থেকেই পরাজয়ের জন্য দুই পক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে এবং এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছিলো।
জামাল জানান, এর জের ধরেই সকালে শের আলমের সমর্থক মোশারফের সঙ্গে আব্দুর রহমানের সমর্থক আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সরাইল থানার ওসি জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৩ ঘ.
bdnews24