২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সিলেটে আটক ২০

হরতালের দ্বিতীয় দিনে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাব। নগরীর কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে রাস্তায় অবস্থান করতে দিচ্ছে না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের দ্বিতীয় দিনে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাব। নগরীর কোথাও বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে রাস্তায় অবস্থান করতে দিচ্ছে না তারা। বৃহস্পতিবার সকাল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী, সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলরসহ বিএনপি-জামায়াতের অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সকাল ১১টায় নগরীর জল্লারপাড় এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। কোতোয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, এ সময় সেখান থেকে ছয় জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া পিকেটিং করার চেষ্টকালে নগরীর বিভিন্নস্থান থেকে আরো আট জনকে আটক করা হয়েছে। দুপুর ১২টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় জাতীয়তাবাদী মহিলা দল মিছিল ও গাড়ি ভাংচুর করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সেখান থেকে মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিক সামিয়া চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহানা বেগম শানু, সালেহা কবির শেপীসহ ছয় নেত্রীকে আটক করা হয়। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এ হরতালের ডাক দেয়। সকাল থেকেই নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। তবে ভারী যানবাহন চলাচল করেনি। বেশ কিছু দোকানপাটও খোলা রয়েছে। সরকারি প্রতিষ্ঠনগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলছে। বেসরকারি ব্যাংকেও লেনদেন হচ্ছে। দূরপাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে। হরতালের প্রথম দিন সিলেটে ১১ জনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৩ ঘ.