ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশি বাধায় সংগঠিতভাবে রাজপথে নামতে না পেরে ঝটিকা মিছিলের কৌশল নিয়েছে বিএনপি। রাজধানীর কয়েকটি স্থানে খানিক সময়ের জন্য এ মিছিলগুলো হয়েছে।
৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও পুলিশের কঠোর অবস্থানের কারণে বিএনপি নেতা-কর্মীরা রাজপথে পিকেটিং করতে পারেনি। কেন্দ্রীয় নেতারা অবরুদ্ধ হয়ে আছেন নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে।
পুলিশের কড়া টহলের মধ্যেই রাজধানীর কয়েকটি স্থানে বৃহস্পতিবার ঝটিকা মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ সক্রিয় হতেই দৃষ্টির আড়ালে চলে যান মিছিলকারীরা।
সকাল সাড়ে ৮টার দিকে পান্থপথ এলাকায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী, সহ সাধারণ সম্পাদক রফিক হাওলাদার, সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের করে। ওই মিছিল থেকে দুটি বাস ভাংচুর করা হয়। পুলিশ আসার সঙ্গে সঙ্গে তারা দৌড়ে পালিয়ে যায়।
দুপুর ১২টায় মৌচাকের কাছে জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সহসভাপতি হায়দার আলী খান লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলের নেতৃত্বে একটি মিছিল বের করে। পুলিশের ধাওয়ার খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
দুপুর ১টায় খিলগাঁও তিলপাপাড়া এলাকায় স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধা, তাঁতি দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। কিছুক্ষণ পরে পুলিশ ধাওয়া দিলে তারা গলিতে ঢুকে পড়েন।
সকাল সাড়ে ১১টায় স্থানীয় ওয়ার্ড কমিশনার আবদুল মতিনের নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের করে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে মোহাম্মদপুর থানা শাখার যুগ্ম-আহ্বায়ক এনায়েতুর রহমানকে আটক করে পুলিশ।
আজিমপুরের নিউ মার্কেট এলাকা থেকে সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় নেতা জাহাঙ্গীর হোসেনের নেৃতত্বে মিছিল বের হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশি ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিরপুরের ১০ নং গোল চত্বরের একটি গলিতে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন আবদুলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এটি প্রধান সড়কে উঠতে গেলে পুলিশ লাঠিপেটা করে।
দুপুর দেড়টার দিকে বংশাল এলাকায় ছাত্রদল একটি মিছিল বের করলে পুলিশ সেখান থেকে এক জনকে আটক করে।
এছাড়া সকাল ১১টায় জামায়াতের ইসলামীর মহানগর সাধারণ সম্পাদক হামীদুর রহমান আযাদের নেতৃত্বে একটি মিছিল মতিঝিল এজিবি কলোনিতে বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএম/কেটি/এসআইএম/এমআই/১৩৫০ ঘ.
bdnews24