ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে মামলা দায়েরের পর হরতালের সময় তার আহত হওয়ার ঘটনার তদন্তও করছে পুলিশ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এ বিষয়টি তদন্ত করতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
"তবে বিরোধী দলের ওই নেতার (ফারুক) আচরণও যথাযথ ছিলো না। পুলিশ পুলিশের দায়িত্ব পালন করেছে। এক্ষেত্রে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদের আচরণ কেমন ছিলো, তাও দেখা হচ্ছে", বলেন তিনি।
ফারুকের আহত হওয়ার ঘটনাকে অনভিপ্রেত বললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেছিলেন, ঘটনায় বিরোধী দলের নেতারও উস্কানি ছিলো।
বিএনপিসহ চার দলের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকাল ৭টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পুলিশি বেধড়ক পেটায় বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুককে। এতে তার মাথা ফেটে যায়।
ফারুক বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বুধবার মধ্যরাতে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করে পুলিশ।
পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায় বলে দাবি করেছেন ফারুক। তাকে বুট দিয়ে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।
তবে পুলিশের দাবি, বিএনপির সংসদ সদস্যরা বাস লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ কর্মকর্তারা বারণ করে। তখন ফারুক পুলিশের ওপর চড়াও হলে ধস্তাধস্তির এক পর্যায়ে পড়ে যান ফারুক।
সংসদ সদস্যের ওপর হামলার পরও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বলেন,
"পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি, এটা সত্য। তবে ব্যবস্থা নিতেই তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।"
বিএনপি ইতোমধ্যে অভিযোগ করেছে, ফারুককে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়। দুই পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত করে তাদের শাস্তিও দাবি করেছেন বিরোধী সংসদ সদস্যরা।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ তদন্ত করলে প্রতিবেদন গ্রহণযোগ্য হবে কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
ফারুকের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির প্রসঙ্গে টুকু বলেন, "তারা হরতাল করছেন। বিরোধী দলের প্রধান হুইপকে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। কিন্তু তারা বলছেন না- যুদ্ধপরাধীদের বাঁচাতে তারা হরতাল করছেন। ২১ অগাস্টের গ্রেনেড হামলার সুষ্ঠু বিচারের কথা তারা বলছেন না। তারা বলেন না ২০০১ থেকে '০৬ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে, তাদের বিচারের কথা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১৫ ঘ.
bdnews24