ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে এক ঘণ্টার প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংসদ ভবনের পূর্ব প্লাজায় এ কর্মসূচিতে বিরোধী দলের ১৭ জন সংসদ সদস্য অংশ নেন।
এরপর সংসদ ভবন প্রাঙ্গণে মিছিল করেন তারা। মিছিল শেষে দক্ষিণ প্লাজায় সমাবেশে বিএনপি নেতারা হামলাকারী হিসেবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশিদ ও মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার বিপ্লব সরকারকে চিহ্নিত করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
ফারুকের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী 'মিথ্যাচার' করছেন বলেও অভিযোগ করেছেন তারা।
৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বুধবার রাতে শেরেবাংলা নগর থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুকের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।
বিএনপির যুগ্ম মহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, "শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ ফারুকের ওপর হামলা করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই বিরোধী দলের নেতাকর্মীর ওপর তারা নির্যাতন করছে।"
"স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী পুলিশ কর্মকর্তাকে দেখতে গেলেন, অথচ আহত বিরোধীদলীয় প্রধান হুইপকে দেখতে যাননি। এখন আবার ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে", বলেন তিনি।
ফারুকের ওপর হামলা সরকারের পরিকল্পনায় হয়েছে দাবি করে এবিএম আশরাফউদ্দিন নিজান বলেন, "স্পিকার অসহায়, তার কাছে বিচার চেয়ে লাভ নেই।"
"ফারুকের ওপর হামলার জবাব সুদ-আসলে শোধ করা হবে", সরকারকে হুঁশিয়ার করেন রেহেনা বেগম রানু। এডিসি হারুণ স্পিকার আব্দুল হামিদের আপন বোনের ছেলে বলেও দাবি করেন তিনি।
ফারুকের ওপর হামলার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস না করার সমালোচনা করে সংসদ বর্জন করে আসা বিরোধী দলের সংসদ সদস্য শাম্মী আক্তার বলেন, ফারুকের ওপর হামলা চালিয়ে সরকার সংসদকে কলঙ্কিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24