ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি হামলায় আহত বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।
বুধবার মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক নাজমুল করিম।
এতে ফারুক ছাড়ারও সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া (তবে এজাহারে তার নাম পাপিয়া সারোয়ার লেখা রয়েছে) এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে বলে থানার উপপরিদর্শক তানভীর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এদিকে বিএনপির সংসদ সদস্যরা বৃহস্পতিবার সকালে সংসদ ভবন প্রাঙ্গণে এক অবস্থান কর্মসূচি থেকে ফারুকের ওপর হামলাকারী হিসেবে পুলিশ কর্মকর্তা হারুণ অর রশীদ ও বিপ্লব কুমারকে চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করেছেন।
বিএনপির প্রচার সম্পাদক ফারুক বর্তমানে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
বিএনপিসহ চার দলের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন বুধবার সকাল ৭টার দিকে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে পুলিশি বেধড়ক পেটায় তাকে। তার মাথা ফেটে গেছে।
হরতালের সময় পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায় বলে দাবি করেছেন ফারুক। তাকে বুট দিয়ে লাথি মারা হয়েছে বলেও অভিযোগ করেন এ বিএনপি নেতা।
তবে পুলিশের দাবি, বিএনপির সংসদ সদস্যরা বাস লক্ষ্য করে ইট ছুড়লে পুলিশ কর্মকর্তারা বারণ করে। তখন ফারুক পুলিশের দিকে তেড়ে এলে ধস্তাধস্তির এক পর্যায়ে পড়ে যান ফারুক।
অবশ্য ঘটনা ভিডিও ও আলোকচিত্রে ফারুককে কয়েক দফা পেটাতে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআই/এমআই/১১১৫ ঘ.
bdnews24