২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনের হরতাল চলছে

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 04:44 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। প্রথম দিনের মতো বৃহস্পতিবারও নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে ৫ শতাধিক পুলিশ। বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছে। নয়া পল্টনে নজরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমানউল্লাহ আমান, রুহুল কবীর রিজভী, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুলসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। সেখানে কাউকে ঢুকতে কিংবা বেরুতে দিচ্ছে না। সাংবাদিকরা ঢোকার সময়ও পরিচয়পত্র দেখতে চাইছে পুলিশ। হরতালের প্রথম দিনে মানিক মিয়া এভিনিউতে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা চালিয়েছিলো পুলিশ। নিরুত্তাপ হরতালে এ ঘটনা ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এর প্রতিবাদে বিএনপির সংসদ সদস্যরা সংসদ ভবন প্রাঙ্গণে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। হরতালে রাজধানীর অন্য স্থানগুলোতে কোনো ধরনের পিকেটিং চোখে পড়েনি। বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। টহলে রয়েছে র‌্যাব। হরতালে সকাল থেকে ঢাকায় গাড়ি চলাচল কম হলেও তা আগের দিনের চেয়ে বেশি। আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়ছে না। সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী কয়েকটি বাস ছাড়তে দেখা যায়। ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দল বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এ হরতালের ডাক দেয়। হরতালের প্রথম দিনে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে ২১ জন হরতালকারীর সাজা হয়। সারাদেশে গ্রেপ্তারের সংখ্যা প্রায় পাঁচশ বলে বিএনপির দাবি। হরতাল শুরুর আগের দিন ঢাকায় ১০টি বাসে আগুন দেওয়া হয়। বুধবার রাতে আগুনে পোড়ে চারটি গাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/এমআই/১০৩০ ঘ.