২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল আবদিনের মাথায় ১১ সেলাই: মির্জা ফখরুল

জয়নুল আবদিন ফারুকের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়নুল আবদিন ফারুকের মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে মহাসচিব বলেন, "তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছে। "তার অবস্থা আশঙ্কাজনক। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ইতিমধ্যে একটি এমআরআই পরীক্ষা করা হয়েছে।" মস্তিষ্কে রক্তক্ষরণ বিষয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফারুকের সিটি স্ক্যান পরীক্ষা বৃহস্পতিবার করা হবে বলে জানান তিনি। ইউনাইটেড হাসপাতালের নিউরো সেন্টারের পরিচালক ড. সাইদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার অবস্থা অতোটা সিরিয়াস ছিল না, এখন স্থিতিশীল রয়েছে। আমাদের যা করার, আমরা করেছি। "তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমিয়ে আছেন।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির মহাসচিব। সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে সংসদে প্রধান বিরোধী দল বিএনপিসহ চার দল। এর প্রথমদিন বুধবার সকালে সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। ফারুকসহ বিএনপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হারুণ অর রশীদসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হন। হরতালের প্রথম দিন জনগণের 'অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত' দাবি করে মির্জা ফখরুল বলেন, "দেশের মানুষ তাদের ভোট, গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় এই হরতালে সার্বিকভাবে অংশ নিয়েছেন।" বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর সরকারের 'নির্যাতন' ও হরতালে পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, "সরকারের আচরণ দেখে মনে হচ্ছে- আমরা মধ্যযুগে বাস করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এনআইএইচ/পিডি/২০০৯ ঘ.