২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালবিরোধী সমাবেশ করবে চট্টগ্রাম আ.লীগ

বিএনপি-জামায়াত চক্রের 'চক্রান্ত' রুখতে বুধবার সকালে হরতালবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 08:21 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত চক্রের 'চক্রান্ত' রুখতে বুধবার সকালে হরতালবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, "বিএনপি-জামায়াত চক্র একাত্তরের যুদ্ধাপরাধীদের রক্ষা এবং তারেক-কোকোর মামলা ভিন্নখাতে প্রবাহিত করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে।" সভা শেষে জানানো হয়, বুধবার সকাল ১০টায় দলীয় কার্যালয় চত্বরে হরতালবিরোধী সমাবেশ করা হবে। এছাড়া ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের হরতালবিরোধী সভা, সমাবেশ ও মিছিল করার নির্দেশ দেওয়া হয় সভা থেকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল। অবশ্য ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা বলে আসছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে বাঁচানোর জন্যই এই হরতাল ডাকা হয়েছে। মুদ্রা পাচারের দায়ে ঢাকার একটি আদালত জুন মাসে আরাফাত রহমান কোকোকে ৬ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য পরিচালিত গ্রেনেড হামলার ঘটনায় সম্পূরক অভিযোগপত্রে আসামি করা হয়েছে তারেক রহমানকে। নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সাবেক মেয়র মহিউদ্দিন বলেন, "বিরোধী দল হরতালের নামে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।" জনস্বার্থবিরোধী এই 'অশুভ' কর্মকাণ্ড রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। অন্যদের মধ্যে নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক সভায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/০২০৮ ঘ.