ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকবারের ডাকে সাড়া না পেলেও তত্ত্বাবধায়ক সরকার আমলে ছাত্র সংঘাতের ঘটনায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নিয়ে হাজির হতে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদকে আরো সময় দিয়েছে সংসদীয় একটি উপকমিটি।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত ওই উপকমিটির প্রধান রাশেদ খান মেনন মঙ্গলবার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "কমিটির কাছে এ পর্যন্ত দেওয়া সংশ্লিষ্টদের বক্তব্যে এ দুজনকে ছাত্র সংঘর্ষের ঘটনায় দায়ী করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডাতে ইমেইল বা টেলিকনফারেন্সের মাধ্যমে মইন ও ফখরুদ্দীন সাহেব মতামত তুলে ধরতে পারেন। উপকমিটি এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা আয়োজন করে দেবে।"
সংসদের আগামী অধিবেশনে এ প্রতিবেদন উপস্থাপন করা হবে জানিয়ে মেনন বলেন, বুধবার থেকে ওই ঘটনার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রস্তুতির কাজ শুরু হবে। পরবর্তী সভায় মূল কমিটির (স্থায়ী কমিটি) কাছে তা উপস্থাপন করা হবে।
"এ সময়ের মধ্যে তারা যদি মতামত না জানায় তাহলে উপ কমিটির প্রতিবেদন চূড়ান্ত করবে। তবে খসড়া প্রতিবেদন প্রস্তুতের সময়ও যদি ওই দুই জনের বক্তব্য পাওয়া যায়- তা বিবেচনা করা হবে।"
এর আগে গত ৫ জুন সংসদীয় উপকমিটি জানায়, ছাত্র সংঘাতের বিষয়ে বক্তব্য না দিলে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমদে দায়ী করেই প্রতিবেদন দেওয়ার প্রস্তুতি তাদের রয়েছে।
২০০৭ সালের ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্য ও ছাত্রদের মধ্যে সংঘষ বাঁধে। এরপর তা সারাদেশে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার করা হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অসংখ্য শিক্ষার্থীকে। জারি করা হয় কারফিউ।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ওই ঘটনার নেপথ্য কারণ খুঁজে বের করতে সক্রিয় হয়।
কমিটি ওই সময়কার শিক্ষক, শিক্ষার্থী, সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য শোনার পর বলেছে, ফখরুদ্দীন ও মইনকে দায়ী করেই বক্তব্য দিয়েছে সবাই।
এরপর উপকমিটি কয়েকবার ডাকলেও ফখরুদ্দীন ও মইন কমিটিতে হাজির হয়নি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুজনই ইমেইলে পাঠানো বার্তায় ওই সময়ের ঘটনায় তাদের দায় অস্বীকার করে বৈঠকে আসতে অপরাগতার কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24