২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলের বিষয়ে বিএনপিকে হুঁশিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হরতালে পথ আটকে কোনো মিছিল করতে দেওয়া হবে না বলে বিরোধী দলকে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মোবাইল কোর্ট সক্রিয় থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 09:11 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পথ আটকে কোনো মিছিল করতে দেওয়া হবে না বলে বিরোধী দলকে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। মোবাইল কোর্ট সক্রিয় থাকবে বলেও জানিয়েছেন তিনি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধ ও বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল। তারেক রহমানকে ২১ অগাস্ট মামলার আসামি করার প্রতিবাদও জানাচ্ছে তারা। হরতাল শুরুর আগের দিন মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "রাস্তা আটকে মিছিল করতে দেওয়া হবে না। হরতালে মোবাইল কোর্ট তৎপর থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা হলেই তারা অ্যাকশনে যাবে।" হরতালে আইনশৃঙ্খলা বাহিনী কতটা কঠোর থাকবে- জানতে চাইলে তিনি বলেন, "ওয়েট অ্যান্ড সি।" বিএনপি-জামায়াত হরতালের আগের দিন গাড়ি পোড়ানোর কৌশল নিয়েছে অভিযোগ করে সাহারা বলেন, "আজ (মঙ্গলবার) দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পূর্বে হরতালের আগের রাতে এ ধরনের কাজ করলেও তার এখন দুপুর থেকেই জ্বালাও-পোড়াও শুরু করেছে।" সরকারের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "হরতালের আগে যাত্রীবাহী যানবাহনে আগুন দেওয়ার জন্য সরকারি দলই দায়ী। বিএনপি এর সঙ্গে জড়িত নয়। "আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতে গাড়িতে পেট্রোল দিয়ে মানুষ হত্যা করেছে। তারাই গাড়ি পোড়ানোর ঘটনা ঘটায়", বলেন তিনি। বিএনপিসহ চার দলের এ হরতালের যৌক্তিক কারণ নেই দাবি করে সাহারা বলেন, "ইস্যুবিহীন হরতাল জনগণ মেনে নেবে না। খালেদা জিয়া তার ছেলেদের রক্ষা করার জন্য এ হরতাল আহ্বান করেছেন। জনগণের স্বার্থে এ হরতাল আহ্বান করা হয়নি।" হরতাল প্রত্যাহারে ব্যবসায়ীদের আহ্বানের কথা তুলে ধরে এ কর্মসূচি তুলে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫০০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর