ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা হরতালের আগে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
মতিঝিল, কাজীপাড়া, ধোলাইপাড়, রামপুরায়, মোহাম্মদপুর ও চাঁনখারপুল ও রাজারবাগে সাতটি বাস, মহাখালিতে দুটি প্রাইভেট কার এবং কাকরাইলে একটি কভার্ড ভ্যান পুড়িয়ে দেওয়া হয়।
এছাড়া একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে বিএনপি কার্যালয়ের সামনে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চার দল।
গত ৩০ জুন বিভক্তি ভোটে সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল-২০১১ পাস অনুমোদন। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির ৫১টি এবং আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আরো চারটি সুপারিশসহ বিলটি পাস হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে এজিবি কলোনির সামনের সড়কে ৫২ সিটের একটি বাসে আগুন দেওয়া হয়। সাড়ে ৩টার দিকে ধোলাইপাড়ে একটি বাস এবং ৪টার দিকে কাকরাইলে একটি কভার্ড ভ্যানে আগুন লাগে।
এছাড়া সোয়া ৫টার পর কাজীপাড়ায় আলহেলাল হাসপাতালের সামনে আগুন লাগানো হয় আরেকটি বাসে। বিকাল ৬টার পর রামপুরা ব্রিজের কাছে আরেকটি বাসে কয়েকজন যুবক আগুন দেয় বলে জানায় দমকল বাহিনী।
সন্ধ্যা ৭টার দিকে চাঁনখারপুলে যাত্রীবাহী একটি বাসে এবং রাত সাড়ে ৮টার দিকে মহখালি কাঁচাবাজহারের কাছে একটি প্রাইভেট কারে আগুনে দেওয়া হয়। মহাখালীর হোটেল জাকারিয়ার সামনে আরেকটি প্রাইভেট কার পোড়ানো হয় রাত সাড়ে ৯টার পর।
প্রাইভেটকারে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।
রাত ৯টার দিকে আদাবর থানার সামনে মোহাম্মদপুর থানা এলাকায় 'এ ওয়ান' নামের একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। এছাড়া রাত ১০টার দিকে রাজারবাগ এলাকায় পুড়িয়ে দেওয়া হয় বলাকা পরিবহনের একটি বাস।
খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভায়। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে তা নেভায়।"
সা
bdnews24