২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সমর্থন অলি'র

বুধ ও বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়ে বিএনপির সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এক সময়ের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধ ও বৃহস্পতিবারের হরতালে সমর্থন দিয়ে বিএনপির সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের এক সময়ের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি অলি আহমদ বলেন, "এ হরতালে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। তবে আমরা সরাসরি অংশগ্রহণ করবো না।" সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদের পাশাপাশি জনদুর্ভোগ অবসানের কয়েকটি দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপিসহ চারদল। এক সময়ের বিএনপি নেতা অলি বলেন, বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে দু'একদিন হরতাল না দিয়ে বিএনপির উচিত ছিলো রোজার আগে এক মাসের লাগাতার হরতাল ঘোষণা করা। বিএনপি চেয়ারপারসন ডাকলে এলডিপি তাদের সঙ্গে জোট বাঁধবে- এ ইঙ্গিত দিয়ে অলি বলেন, "বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার খালেদা জিয়ার আহ্বান ইতিবাচক। তবে শুধু বক্তব্য দিয়ে ঐক্য গড়ে তোলা যাবে না। এজন্য আলোচনা করতে হবে। নেতার সঙ্গে নেতাকে কথা বলতে হবে।" দলের সভাপতি বা মহাসচিব পর্যায়ে এ আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি। বিএনপি ছাড়া অন্য যে কোনো দল ডাকলে এলডিপি তাদের সঙ্গেও আলোচনা করবে বলে জানান কর্নেল অলি। বিএনপির এক সময়ের স্থায়ী কমিটির সদস্য অলি বিএনপির গত সরকার আমলে আলাদা হয়ে এলডিপি গঠন করেন। পরে বিএনপিছুট আরেক নেতা একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দলও এক হয় তার দলের সঙ্গে। ২০০৭ সালে বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে ভেড়েন অলি ও বদরুদ্দোজা। পরে তারা আবার আলাদা হয়ে যান। নবম সংসদ নির্বাচনের আগেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ছিলো অলি আহমদের। বিএনপির মতো আওয়ামী লীগও চাটুকার লোকদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছে দাবি করে সংবাদ সম্মেলনে এলডিপি সভাপতি বলেন, "যারা জনগণকে ভালোবাসে তাদের সামনে নিয়ে আসতে হবে। ছাগল দিয়ে কখনো হালচাষ করা যায় না।" সাবেক সেনাপ্রধান মইন উ আহমদ চট্টগ্রাম থেকে কোটি কোটি টাকা নিয়ে এসেছেন দাবি করে চট্টগ্রামের এ সংসদ সদস্য মইন ও ফখরুদ্দীন আহমদের বিচার দাবি করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বেআইনিভাবে ক্ষমতা দখল করলে যে শাস্তির বিধান করা হয়েছে, সে বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অলি বলেন, "আইন করে দেশে তৃতীয় শক্তির উত্থান ঠেকানো যাবে না। দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ ঠেকাতে দেশে তৃতীয় শক্তির উত্থান হয়।" বর্তমান সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ বলে দাবি করেন তিনি। বিচার বিভাগকে দলীয়করণ এবং বিতর্কিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারত বিদ্বেষী ৯০ ভাগ! ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বক্তব্য সঠিক নয় দাবি করে অলি আহমদ বলেন, "বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ ভারত বিদ্বেষী এ তথ্য ঠিক নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশের ৯০ শতাংশ লোক ভারত বিদ্বেষী।" গত সপ্তাহে ভারতের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে মনমোহন সিং বলেন, বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীর সমর্থক এবং ভারত বিদ্বেষী। তার মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ভারতের সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান এখনো না হওয়ার বিষয়টি তুলে ধরে অলি বলেন, বাংলাদেশ সফরের আগে ভারতের প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের অবশ্যই 'মানে' রয়েছে। বাংলাদেশ সফর করে মনমোহন বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নেবেন বলেও মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন সেলিম, সভাপতিমণ্ডলীর সদস্য আরিফ মঈনুদ্দিন, সহ-সভাপতি কামাল উদ্দিন মোস্তফা ও জমিরুল আকতার উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৪০৩ ঘ.